পাথেয় রিপোর্ট : পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর সময় মির্জাপুর থানার বাঁশতৈল পুলিশ ফাঁড়ির এএসআই রিয়াজুলসহ চার পুলিশ সদস্যকে আটক করে গণধোলাই দিয়েছে জনতা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের সখিপুর উপজেলার হতিয়া রাজাবড়ি এলাকার গাবিলার বাজার এলাকায়।
আটককৃত পুলিশ সদস্যরা হল বাঁশতৈল পুলিশ ফঁড়ির এএসআই রিয়াজুল ইসলাম, কনস্টেবল গোপাল সাহা, মো. রাসেল ও সোর্স হাসান মিয়া।
জানা গেছে, এএসআই রিয়াজের নেতৃত্বে ওই পুলিশ সদস্যরা গাবিলার বাজারে গিয়ে হতিয়া রাজাবাড়ির ভাতকুড়াচালার ফরহাদ মিয়ার ছেলে বজলুকে পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে পুলিশ সদস্যদের আটক করে রাজাবাড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে নিয়ে যায়। সেখানে তাদের গণধোলাই দিয়ে এক কক্ষে আটকে রাখে। খবর পেয়ে এলাকার শত শত জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। এ খবর পেয়ে সখিপুর এবং মির্জাপুর থানা পুলিশ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে রওনা হয়েছেন বলে জানা গেছে।
বুধবার একই কায়দায় এএসআই রিয়াজ তার সহযোগীদের নিয়ে মির্জাপুর থানার টান পলাশতলী গ্রামের বাছেদ মিয়ার ছেলে আনোয়ারের নিকট থেকে এক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাঁশতৈল ফাঁড়ির ইনচার্জ ও এসআই ফয়েজ উদ্দিনের নেতৃত্বে মির্জাপুর থানার পুলিশ ঘটনাস্থলে গেছেন।


