নিজস্ব প্রতিবেদক :: নির্ধারিত সময় রংপুর এক্সপ্রেস এখনও ঢাকায় না পৌঁছায় ক্ষোভ প্রকাশ করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে অপেক্ষারত যাত্রীরা। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কমলাপুর স্টেশনে অবস্থান করে যাত্রীদের এ ক্ষোভ দেখা গেছে। রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, শনিবার সকাল ৯টায় রংপুর এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল। বিলম্বের কারণে ট্রেনটি সঠিক সময় পৌঁছাতে পারেনি। এতে চরম ভোগান্তি পড়ে যাত্রীরা। খোঁজ নিয়ে জানা যায়, ঈদের অগ্রিম টিকিটের যাত্রা শুরু হওয়ার প্রথম দিন থেকেই প্রতিদিনই বিলম্বের ফাঁদে পড়েছে ট্রেনটি। স্টেশনের ডিসপ্লেতে দেখা যায়, রংপুর এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর ছেড়ে যাওয়ার সম্ভাব্য সময় ১২ টা ৪০ মিনিট। যদিও ১২টা ২০ নাগাদ ট্রেনটি কমলাপুরে আসেনি। ক্ষোভ প্রকাশ করে রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রী তহুরা খাতুন বলেন, মেয়েকে নিয়ে ঈদ করতে রংপুর যাবো।
সেজন্যে সকাল সাড়ে ৭টায় স্টেশনে এসেছি। আমাদের ট্রেন ছেড়ে যাওয়ার কথা ছিলো সকাল ৯টায়। কিন্তু স্টেশনে এসে জানলাম বেলা ১২ টা ৪০ মিনিটে ট্রেনটি ছেড়ে যেতে পারে। রোজার দিনে এভাবে স্টেশনে বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি। রোজা রেখে এত দীর্ঘ সময় অপেক্ষা করা যায় না। আরেক যাত্রী শোভন আক্তার বলেন, প্রতি ঈদে বাড়ি ফেরায় ভোগান্তির শেষ থাকে না, এটা ঠিক কিন্তু সকাল থেকে এসে স্টেশনে বসে আছি। কিন্তু এখনও ট্রেনই আসলো না। যাবো কখন? এমনিতেই আমাদের গন্তব্যে ট্রেন পৌঁছাতে দীর্ঘ সময় লাগে তারমধ্যে এই সিডিউল বিপর্যয় নিয়ে কখন যে বাড়ি পৌঁছাই তার ঠিক নেই। পুরো স্টেশন জুড়ে আমাদের মতো কত মানুষ এ কারণে ভোগান্তি পোহাচ্ছে। এ বিষয়ে কমলাপুরের স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী বলেন, রংপুর এক্সপ্রেস গেছে দেরিতে, এ কারণে ঢাকায় ফিরতে দেরি হচ্ছে। আমরা সার্বিক চেষ্টা করছি সিডিউল টাইম ঠিক রাখতে। যে কারণে অন্য সব ট্রেনে সময়মতোই স্টেশন ছেড়ে যাচ্ছে।


