উন্নয়ন কাজে সেনাবাহিনীর অংশগ্রহণ আরও বাড়বে : প্রধানমন্ত্রী

উন্নয়ন কাজে সেনাবাহিনীর অংশগ্রহণ আরও বাড়বে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : মাঠ পর্যায়ের সাফল্য বিবেচনায় সেনাবাহিনীতে নিয়োজিত সদস্যদের পদোন্নতির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ঢাকা সেনানিবাসস্থ সেনা সদর দফতরে আর্মি সিলেকশন বোর্ড ২০১৭-এর বৈঠকে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমি আশা প্রকাশ করি যে, জাতির উন্নয়নমূলক কর্মকা-ে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণ আরও উত্তোরত্তর বৃদ্ধি পাবে। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রযাত্রায় তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। কাজেই এ কথা মাথায় রেখেই ভবিষ্যতে দক্ষ এবং দেশপ্রেমিক কর্মকর্তাদের কাছেই নেতৃত্বের দায়িত্ব অর্পণ করা উচিত।

প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্বে থাকা শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের নেতৃত্ব গ্রহণে ক্ষেত্রে চারটি বিশেষ গুণ থাকতে হবে। যেগুলো হচ্ছে, একজন কমান্ডার, কর্মকর্তা এবং প্রশিক্ষক হবার জন্য প্রথমত, সেনা কর্মকর্তাদের দেশের মুক্তিযুদ্ধের চেতনার ওপর দৃঢ় আস্থা ও বিশ্বাস থাকতে হবে। দ্বিতীয়ত, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। দেশ ও সমাজের সেবার মানসিকতা এবং উন্নত নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে। তৃতীয়ত, তাদের মাঠ পর্যায়ের সাফল্য থাকতে হবে। এবং চতুর্থত, তাদের অবশ্যই নেতৃত্বের যোগ্যতা, পেশাগত এক্সিলেন্স, নিয়মানুবর্তিতা, সততা এবং নেতৃত্বের প্রতি আনুগত্য থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক দেশে সেনাবাহিনীর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুষম করতে তারা গুরুত্বপূর্ণ সহযোগীর ভূমিকা পালন করতে পারে। কাজেই সেনাবাহিনীতে তাদের কাছেই নেতৃত্বের দায়িত্ব অর্পণ করা উচিত, যারা সুশিক্ষায় শিক্ষিত, প্রতিযোগিতায় দক্ষ, মেধাবী এবং সর্বোপরি গণতন্ত্রের প্রতি পুরোপুরি শ্রদ্ধাশীল। তিনি এ সময় কর্মকর্তাদের পদোন্নতির জন্য সিলেকশন বোর্ডকেও যোগ্যতার এই মাপকাঠি বিবেচনায় আনার আহ্বান জানান। তথ্যসূত্র : বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *