নিজস্ব প্রতিবেদক ● ভারত মংলা বন্দরের উন্নয়নে কাজ করবে উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ভারত সরকারের অনুদানে খুলনা-মংলা রেললাইন স্থাপনের কাজ এগিয়ে চলছে। এছাড়া শিগগির খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশন চালু করা হবে। পাশাপাশি দক্ষতা বৃদ্ধির একটি প্রতিষ্ঠানও খুলনায় তৈরি করা হচ্ছে।
সোমবার দুপুরে খুলনা সার্কিট হাউস মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের অধ্যায়নরত শিক্ষার্থী সন্তানদের মধ্যে ভারত সরকারের শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, নগরীর খালিশপুরে কলেজিয়েট বালিকা বিদ্যালয়ে নতুন ভবন স্থাপনের জন্য খুলনা সিটি কর্পোরেশনকে ১২ কোটি টাকা সহায়তা দেয়া হয়েছে। এ ছাড়া এপ্রিল মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরকালে দু’দেশের প্রধানমন্ত্রী খুলনা-কলকাতা সরাসরি ট্রেন ও বাস সেবা উদ্বোধন করেছেন। তিনি বলেন, ভারত সরকার ২০০৬ সালে মুক্তিযোদ্ধাদের উত্তরসূরীদের জন্য মুক্তিযোদ্ধা স্কলারশিপ স্কিম চালু করে। এ প্রকল্পের আওতায় এ পর্যন্ত ১০ হাজারের বেশি শিক্ষার্থীর মাঝে ১৫ কোটি টাকা প্রদান করা হয়েছে। এ বছর ৬শ’রও বেশি স্নাতক পর্যায়ের শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।
ইতোমধ্যে বাংলাদেশের পাঁচটি বিভাগের ৫৭০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা একাডেমির চেয়ারম্যান ড. আবুল আজাদ। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণয়ন কমিটির সদস্য অ্যাডভোকেট মো. এনায়েত আলি।


