পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) এবং নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) ব্যাপারে আতঙ্কিত জনগণকে আবারো অভয়বাণী দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতা বলেন, ভোটার তালিকায় নাম তুলুন, কাউকে ভারত ছাড়তে হবে না।
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটিতে নৈহাটি উৎসবের উদ্বোধন করতে গিয়ে মমতা বলেন, ভোটার তালিকায় নামটা তুলে রাখুন। আর কিচ্ছু করার দরকার নেই। রেশন কার্ড আছে, ভোটার তালিকা আছে, আর যা যা আছে। আমরা সবাই দেশের নাগরিক।
তিনি আরো বলেন, নতুন করে বলার কিছু নেই। আমি সেই লাইন দেব, যে লাইনে আমার অধিকার প্রতিষ্ঠিত হবে। আমি সেই লাইন দেব না, যে লাইনে আমার নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে।
নৈহাটি উৎসবের উদ্বোধনী ভাষণে আগাগোড়া এনআরসি, নাগরিকত্ব আইনের বিরোধিতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। দৃপ্তকণ্ঠে তিনি বাংলায় ডিটেনশন ক্যাম্প করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন।
মমতা আরো বলেন, তারা (বিজেপি) বলছে পশ্চিমবঙ্গে ডিটেনশন ক্যাম্প করবে। পশ্চিমবঙ্গের ক্ষমতায় কারা আছে? আমরা আছি। আমি জীবন দিতে তৈরি, কিন্তু, ডিটেনশন ক্যাম্প করতে দেব না, মরে গেলেও না।


