আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পররাষ্ট্রবিষয়ক পরামর্শদাতা সরতাজ আজিজকে আরও মানবিক ও সহানুভূতিশীল হওয়ার পরামর্শ দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। সোমবার টুইট করে তিনি বলেন, কুলভূষণ যাদবের মায়ের জন্য ভিসা চেয়ে পাঠানো তাঁর চিঠির প্রাপ্তিস্বীকারটুকু পর্যন্ত সরতাজ আজিজ করেননি!
চিকিৎসার জন্য এবং অন্যান্য কারণে পাকিস্তান থেকে ভারতে আসতে অনেকেই ব্যক্তিগতভাবে সুষমাকে অনুরোধ করেন। সুষমাও সাধ্যমতো তার ব্যবস্থার চেষ্টা করেন। কিন্তু চরবৃত্তির অভিযোগে সামরিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় ব্যবসায়ী কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করতে চাওয়ার জন্য ভিসার আবেদনে পাকিস্তান সাড়া দিচ্ছে না। ভারতকে একবারের জন্যও ‘কনস্যুলার অ্যাকসেস’ দেওয়া হয়নি। সুষমার ক্ষোভ এসবেরই বহিঃপ্রকাশ।
সম্প্রতি চিকিৎসার জন্য ভারতে আসার আবেদন জানিয়েছিলেন পাক নাগরিক ফরিজা তানভির। তাঁর আবেদন খারিজ হওয়ার পর তিনি পররাষ্ট্রমন্ত্রীর সাহায্য চেয়ে ট্যুইট করেন। সুষমা এরপরেই ক্যানসার আক্রান্ত তরুণীর কাছে তাঁর অবস্থান স্পষ্ট করেন। সোমবার টুইট করে বলেন, যাঁরা চিকিৎসার জন্য ভারতে আসতে মেডিকেল ভিসা চান, তাঁদের পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাহায্য নিতে হবে। কারণ, ওই মন্ত্রণালয়ের সুপারিশ ছাড়া ভিসা দেওয়া সম্ভব না। সুষমা টুইটে আরও বলেন, যাঁরা চিকিৎসার জন্য আসতে চান, তাঁদের সবার প্রতি তাঁর সহানুভূতি রয়েছে।
এত দিন সুষমা নিজে থেকেই অনেকের চিকিৎসার সুযোগ করে দিয়েছেন। কিন্তু সম্প্রতি ভারত ঠিক করেছে, চিকিৎসা ভিসা পেতে গেলে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ লাগবে।


