পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী মো. আতিকুল ইসলাম আতিক ও ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপসকে সমর্থন জানিয়েছে হাসানুল হক ইনুর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভা থেকে এ ঘোষণা দেয়া হয়।
সভা থেকে আওয়ামী লীগ ও তাদের মনোনীত দুই মেয়র প্রার্থীর প্রতি ঢাকা মহানগরীর যানজট, বিশুদ্ধ পানি সরবরাহ, ডেঙ্গুসহ মশা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা, বায়ূদূষণ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা, খেলার মাঠ ও পার্ক পুনরুদ্ধার, নদী-খাল-উন্মুক্ত জলাশয় পুনরুদ্ধার, জোনভিত্তিক প্রাইমারী ও প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ভর্তির ব্যবস্থাপনা, পাড়া-মহল্লার রাস্তা-ঘাট পুনরুদ্ধার ও মেরামত এবং অপরিকল্পিত নির্মাণ ও মেরামত কাজে সমন্বয়হীনতা দূর করতে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণসহ ওয়াসা-বিদ্যুৎ-গ্যাস-টেলিফোন-পূর্ত-সড়ক যোগাযোগ-বিআরটিএ-শিক্ষা-স্বাস্থ্য-আবাসনসহ নাগরিক সেবার সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে নিয়ে ‘নগর সরকার’ গঠনের সুনির্দিষ্ট নির্বাচনী অঙ্গীকার ঢাকাবাসীর সামনে ঘোষণার আহ্বান জানানো হয়েছে।
দলের সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শিরীন আখতার, মোশাররফ হোসেন, মীর হোসাইন আখতার, নুরুল আখতার, নাদের চৌধুরী, অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ প্রমুখ।


