ইকরা স্কুলের কেন্দ্রীয় শাখার দ্বিতীয় ভবন উদ্বোধন করলেন আল্লামা মাসঊদ

ইকরা স্কুলের কেন্দ্রীয় শাখার দ্বিতীয় ভবন উদ্বোধন করলেন আল্লামা মাসঊদ

সাহাবায়ে কেরামের সিফাতে কিছু নাগরিক গড়ে তোলাই ইকরা বাংলাদেশের লক্ষ্য

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সাহাবায়ে কেরামের (রা.) সিফাতে কিছু নাগরিক গড়ে তোলাই ইকরা বাংলাদেশের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, ইকরা বাংলাদেশের চেয়ারম্যান, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

সোমবার (১৩ জানুয়ারি) রাজধানীর ইকরা বাংলাদেশ স্কুলের কেন্দ্রীয় শাখার দ্বিতীয় ভবন উদ্বোধন করেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। এ সময় তিনি এ মন্তব্য করেন।

মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করাই ইকরার শিক্ষার্থীদের কাজ উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, নবীজীর পেয়ারে সাহাবায়ে কেরামের সিফাত ছিল মানুষকে আল্লাহর দিকে আনা, দ্বীনের দিকে আনা, সততার দিকে আনা, ন্যায়পরায়ণতার দিকে আনা। ইকরার শিক্ষার্থীরাও দ্বীন ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের কল্যাণে কাজ করবে। কারণ ‘উখরিজাত লিন্নাস’ উম্মতকে সকলের কল্যাণের জন্য আভির্ভূত করেছেন আল্লাহ তাআলা।

আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, সাহাবায়ে কেরামের (রা.) গুণে গুণান্বিত কিছু নাগরিক আমাদের দেশে, আমাদের সমাজে যেন সৃষ্টি হয় এই জন্যই আমরা ১৯৯৬ সালে যাত্রা শুরু করি ইকরা বাংলাদেশের। কিন্তু সে স্বপ্নপূরণে আমরা নিজেরা পরিপূর্ণ সফল হতে না পারলেও আমাদের সে চিন্তায় সাড়া দিয়ে এ জাতীয় নানা প্রতিষ্ঠান গড়ে উঠেছে শিশুদের কেন্দ্র করে। যদিও তাদের সাথে আমাদের প্রত্যক্ষ যোগাযোগ নেই। সাহাবায়ে কেরামের সিফাতে শিশুদের গড়ে তোলার লক্ষ্যেই চলছে ইকরা বাংলাদেশের অবিরাম পথচলা।

জামাতে নামাজ পড়ার প্রতি গুরুত্বারোপ করে ইকরার শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইকরা বাংলাদেশের চেয়ারম্যান বলেন, ফরজ নামাজ জামাতের সাথে পড়ার প্রতি যত্নবান হতে হবে। এমনই তাহাজ্জুদের নামাজও নিয়মিত পড়ার চেষ্ট করবেন। যারা শেষরাতে উঠতে না পারেন তারা রাতে ঘুমানোর আগে অন্তত দু’রাকাত পড়ে নেবেন।

আল্লামা মাসঊদ বলেন, স্কুলের প্রিন্সিপাল হলেন সমন্বয়ের জন্য, শাসনের জন্য নয়। প্রতিষ্ঠানের সকলেই স্কুলের উন্নতি-অবনতির জন্য নিজেকে দায়ী মনে করে কাজ করে যাবেন।

রাজধানীর ইকরা বাংলাদেশ স্কুলের কেন্দ্রীয় শাখার দ্বিতীয় ভবন উদ্বোধন ও দুআ মাহফিলে উপস্থিত ছিলেন, ইকরা বাংলাদেশ স্কুলের প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দীন মাকনুন, একাডেমিক হেড মিজানুর রহমান, সি.ই.ও মইনুল ইসলামসহ স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।

অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন ইকরা বাংলাদেশ স্কুলের একাডেমিক হেড মিজানুর রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *