পূজার দিনে ভোটগ্রহণ সরকারের অন্যায় : ড. কামাল

পূজার দিনে ভোটগ্রহণ সরকারের অন্যায় : ড. কামাল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সরস্বতী পূজার দিনে ঢাকা সিটি নির্বাচনের ভোটগ্রহণ ‘সরকারের অন্যায়’ বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ড. কামাল বলেন, ‘সরস্বতী পূজার দিনে এটা করা সরকারের একটা অন্যায় কাজ হয়েছে। সেদিন (৩০ জানুয়ারি) সরস্বতী পূজা, এটা অতীতে কোনো দিন হয়নি। ঈদের দিন যদি নির্বাচন হয়, পূজার দিন যদি এটা হয়। এটা সরকারের একদম গাফিলতি ও ব্যর্থতা।’

৩০ জানুয়ারি ভোটের তারিখ পরিবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী কর্মসূচি পালন করছেন, এর প্রতি আপনাদের সমর্থন আছে কি-না জানতে চাইলে ড. কামাল বলেন, ‘নীতিগতভাবে তো আমরা পক্ষে।’

ড. কামাল হোসেন বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে সরকারের দলীয় প্রার্থী, মন্ত্রী-এমপিদের নির্বাচন আচরণবিধি ভঙ্গ করা এবং ঐক্যফ্রন্টের প্রার্থীদের নির্বাচনী জনসংযোগে বাধা ও হামলা প্রমাণ করে নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশ নেই। এই ব্যাপারে নির্বাচন কমিশনও কোনো ব্যবস্থা নিচ্ছেন না।’

তিনি আরও বলেন, ‘দেশের জনগণ নির্বাচনের পক্ষে। কারণ এর মাধ্যমে জনগণ রাষ্ট্রে তার মালিকানা নিশ্চিত করতে পারে। অবাধ সুষ্ঠু নির্বাচন ছাড়া এই মালিকানা নিশ্চিত হবে না।’

মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এই বৈঠক হয়। ড. কামালের সভাপতিত্বে বৈঠকে জেএসডির আসম আবদুর রব, সা ক ম আনিসুর রহমান খান, সানোয়ার হোসেন তালুকদার, বিএনপির আবদুল মঈন খান, গণফোরামের আবু সাইয়িদ, সুব্রত চৌধুরী, রেজা কিবরিয়া, জগলুল হায়দার আফ্রিক, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, শহীদুল্লাহ কায়সার, ড. জাহিদ-উর রহমান, মমিমুল ইসলাম, গণস্বাস্থ্য সংস্থার ডা. জাফরুল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *