উইঘুর মুসলিমদের কবরস্থান ধ্বংস করল চীন

উইঘুর মুসলিমদের কবরস্থান ধ্বংস করল চীন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চীনে উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন চলছে- এমন তথ্য বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসলেও স্বীকার করেনি দেশটির সরকার। এবার আসলো আরেক ভয়াবহ তথ্য। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে, উইঘুরদের বছরের পর বছর টিকে থাকা ঐতিহাসিক কবরস্থানগুলো গুঁড়িয়ে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন স্যাটেলাইটে তোলা কয়েকশ ছবি বিশ্লেষণ করে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনটির বরাত দিয়ে তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক এ খবর জানায়।

এর আগে স্যাটেলাইট চিত্রের বিশ্লেষক আর্থরিজ অ্যালায়েন্স ২০১৪ সাল থেকে ধ্বংস হওয়া ৪৫টি কবরস্থান আবিষ্কার করেছিলেন। সিএনএনের প্রতিবেদনে আগে ও পরে মিলিয়ে কয়েকটি সম্পূর্ণ ধ্বংস হওয়া কবরস্থানের চিত্র প্রদর্শন করা হয়। তুর্কি মুসলিমদের ওপর ধর্মীয়, বাণিজ্যিক ও সাংস্কৃতিক অধিকারের বিষয়ে দমনমূলক নীতির বিষয়ে চীনকে অভিযুক্ত করা হয়।

যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের বিশেষজ্ঞদের মতে, ১০ লাখ মানুষ চীনের কারিগরি প্রশিক্ষণের নামে বন্দিশিবিরে আটক রয়েছে। তবে এসব তথ্যের পুরোটাই অস্বীকার করছে চীন সরকার।

চীনের জিনজিয়াং অঞ্চলে এক কোটি উইঘুর মুসলমানের বসবাস। ওই অঞ্চলের মুসলিম জনসংখ্যার ৪৫ শতাংশ তুর্কি বংশোদ্ভূত। দীর্ঘদিন থেকে চীনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে মুসলিমদের সঙ্গে সাংস্কৃতিক, ধর্মীয় ও অর্থনৈতিক বৈষম্য করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *