পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের জনগণ পরিবর্তন চায়। তারা অত্যাচারী, গণতন্ত্র হত্যাকারী, নিপীড়নকারী, ভোট চোর, ব্যাংক লুট, শেয়ারবাজার লুটকারী এ সরকারকে আর চায় না বলে মন্তব্য করেছন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
রোববার (২৬ জানুয়ারি) দুপুরে মতিঝিলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
নজরুল বলেন, বিএনপির নেতা-কর্মীসহ সাধারণ জনগণ শুধু ভোটই দেবে না, ভোটের দিন কেন্দ্র পাহারাও দেবে। যাতে কোনো ভোট চোর জনগণের আমানত নষ্ট করতে না পারে।
তিনি বলেন, দোয়া করি আল্লাহ যেন ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির জনগণের সেবা করার সুযোগ দেন।
প্রচারণায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী।


