ইউসুফ শরীফ— এর দুই কবিতা
ধীরে সবুরে
ধীরে নাকি সকলই হয়
সবুরে ফলে বাসনা-ফুল-
শৈশব-কৈশোর টসটসে যৈবন
কাটিয়া গেল হায়-
গেল দিবস-রজনী
সে তো আর ফিরিল না-
ফুটিল না কামনা-কুসুম
তবু হায়! যত্রতত্র বলা হয়-
ধীরে নাকি সকলই হয়
সবুরে ফলে বাসনা-ফুল!
২৫.০৩.৭৬
তুলিতে হাত
তুলিতে হাত রাখলে
রঙ লাফিয়ে ওঠে
সময়টময় নেই সংকেত পাঠায় যত্রতত্র।
[ টসটসে কুমারী সযত্ন লালনে রাখে যৌবন ]
ফুল
ফুটবার দিন আসে
ফুল ফোটে, পাখি ওড়ে
নদী জেগে ওঠে জল-কাঁকনে
রঙ হলুদ হয়ে পেকে ওঠে
হায় রঙ!
ঝরে
ঝরে যায়–
তবু তুলি– এই তুলিতে রাখি হাত
রঙ লাফায়-দাপায়
প্রফুল্ল করুণ হয়–
[ দারুণ মাথুরে কাঁপছে একটি নৈশ নদীর ছায়া ]
রচনাকাল : জানুয়ারি ১৯৭৬


