ফের উত্তপ্ত কাশ্মির-পাকিস্তান সীমান্ত; ১ ভারতীয় সেনা নিহত

ফের উত্তপ্ত কাশ্মির-পাকিস্তান সীমান্ত; ১ ভারতীয় সেনা নিহত

পাথেয় টোয়ন্টিফোর ডটকম: পাকিস্তানী বাহিনীর ছোড়া গুলি ও মর্টার শেলে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারতীয় কাশ্মীরের সীমান্তবর্তী অঞ্চল। অগ্নিগর্ভ হয়ে উঠেছে জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার দেগওয়ার সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানি বাহিনী। পাকিস্তানের সেনাবাহিনীর গুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

ভারতীয় সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।

ভারতীয় সেনাবাহিনী সূত্রে জানা গেছে, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় বিনা প্ররোচনায় গুলি চালাতে শুরু করে পাকিস্তানের সেনারা। ছোট আগ্নেয়াস্ত্র থেকে এলোপাতাড়ি গুলি চালানোর পাশাপাশি শেল ছোঁড়া হয়। পাকিস্তানের আক্রমণে মোট ৪ জন জওয়ান আহত হন। চিকিৎসাধীন অবস্থায় এক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে।

নিহত জওয়ান ফরওয়ার্ড পোস্টে মোতায়েন ছিলেন বলে জানা যায়।

এদিকে, ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকেও এই আক্রমণের যোগ্য জবাব দেওয়া হয়েছে। ভারতের পাল্টা আঘাতে প্রতিপক্ষের ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত নিয়ন্ত্রণরেখায় ভারত ও পাকিস্তানের মধ্যে গোলাগুলি চলছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *