পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ময়মনসিংহের গফরগাঁওয়ে জাল সনদের মাধ্যমে শিক্ষকতা করার অভিযোগে যশরা আয়েশা হাসান দাখিল মাদরাসার তিন শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পরোয়ানার ভিত্তিতে মাদরাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- ওই মাদরাসার সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, জুনিয়র মৌলভী বদরুল আলম ও সহকারী মৌলভী আকরাম হোসেন। পরে তাদের আদালতের মাধ্যমে ময়মনসিংহ কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, মাদরাসার সাবেক দফতরি তফাজ্জল হোসেন বাদী হয়ে মাদরাসার সুপার মাওলানা মুখলেছুর রহমানসহ সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, জুনিয়র মৌলভী বদরুল আলম, সহকারী মৌলভী আকরাম হোসেনের বিরুদ্ধে জাল সনদ ও জাল নিবন্ধনে যশরা আয়েশা হাসান দাখিল মাদরাসায় চাকরি করার অভিযোগ এনে ২০১৮ সালের ১১ এপ্রিল ময়মনসিংহ জেলা জজ আদালতে দরখাস্ত করেন। আদালত দরখাস্ত আমলে নিয়ে ২৯ এপ্রিল দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
দুদকের ময়মনসিংহ জেলা কার্যালয় ২০১৯ সালের ১৭ ডিসেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। দুদকের প্রতিবেদনের ভিত্তিতে বিজ্ঞ আদালত গত ১৫ জানুয়ারি যশরা আয়েশা হাসান দাখিল মাদরাসার চার শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে গফরগাঁও থানা পুলিশের এসআই নাজিম উদ্দিন অভিযান চালিয়ে তিন শিক্ষক রফিকুল ইসলাম, বদরুল আলম ও আকরাম হোসেনকে গ্রেফতার করেন।
গফরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকার বলেন, গ্রেফতার শিক্ষকদের আদালতের মাধ্যমে ময়মনসিংহ কারাগারে পাঠানো হয়েছে।


