দিল্লিতে হানা দিল করোনা

দিল্লিতে হানা দিল করোনা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতে নতুন করে আরও দুজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একজন দেশটির রাজধানী দিল্লিতে অন্যজন দক্ষিণের তেলেঙ্গানায়।

দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়, এখন পর্যন্ত ভারতে মোট পাঁচজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে তিনজন আগেই শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্ত হওয়া দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে আক্রান্ত ব্যক্তি ইতালি থেকে এসেছেন। তেলেঙ্গানায় আক্রান্ত ব্যক্তি আমিরাতের দুবাই থেকে সম্প্রতি ভারত আসেন।

এর আগে গত ৩০ জানুয়ারি ভারতের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কেরালায় এক শিক্ষার্থীর শরীরে প্রথমবারের মতো দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এরপর ২ ফেব্রুয়ারি একই প্রদেশে এ ভাইরাসে আক্রান্ত দ্বিতীয় রোগী শনাক্ত করা হয়। দক্ষিণের এ প্রদেশটিতে ৩ ফেব্রুয়ারি আরেকজনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। আগের তিনজন আর নতুন দুই আক্রান্ত মিলিয়ে ভারতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো পাঁচে।

উল্লেখ্য, চীনের হুবেই প্রদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। বিশ্বের ৬০টিরও বেশি দেশ ও অঞ্চলে এ ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৩ হাজার ৩৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৮৬ হাজার ৫২৯ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে ৪১ হাজার ৯৫৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

শুধু চীনের মূল ভূখণ্ডেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৯ হাজার ৮২৪। অন্যদিকে মৃত্যু হয়েছে ২ হাজার ৯১২ জনের। দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ২১২ এবং মৃত্যু হয়েছে ১৭ জনের।

অন্যদিকে ইউরোপের দেশগুলোর মধ্যে এই ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ইতালিতে। সেখানে ১ হাজার ১২৮ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ২৯ জনের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *