পাথেয় টোয়েন্টিফোর ডটকম : উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখবিহীন ব্র্যান্ডের নামে জন্মদিনের বাসি কেক, পাউরুটি ও দই বিক্রি করার দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগর তালতলা বাজারে অভিযান চালিয়ে মুসলিম সুইটসকে জরিমানা করেছে সংস্থাটি। অভিযান পরিচালনা করেন- অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।
তিনি বলেন, ‘বাজারে বিভিন্ন ব্র্যান্ড প্রতিষ্ঠানের বেকারি পণ্য বিক্রি হচ্ছে। এর মধ্যে পাউরুটি বিস্কুট ও দই ও জন্মদিনের কেক অন্যতম। কিন্তু এসব পণ্যের মোড়কে খুচরা মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ নেই। পণ্যগুলো কবে তৈরি করেছে, তার কোনো প্রমাণ নেই। এ সুযোগে বাসি, পচা পণ্য বিক্রি করছে। এমন অপরাধে মুসলিম সুইটসকে ১০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশে সংরক্ষণ করার অপরাধে জেল বি মেডিসিন কর্নারকে ৫ হাজার টাকাসহ ২ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।’
এ সময় আদা, রসুন, পেঁয়াজ, ছোলা, ডাল, ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের খুচরা বাজারও তদারকি করা হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা সহজে দৃশ্যমান স্থানে প্রদর্শন করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়। এছাড়া জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণসহ উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে উঠান বৈঠক করা হয়।
অভিযানে শেরেবাংলা নগর থানা পুলিশ সার্বিক সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অধিদফতরের এ কর্মকর্তা।


