পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে আজ শনিবার (১৪ মার্চ)। আগামীকাল রোববার (১৫ মার্চ) দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা অঞ্চলসহ খুলনা, ঢাকা এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী দুদিনে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা হ্রাস পেতে পারে। তার পরবর্তী পাঁচদিনে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।


