করোনা; জুমার নামাযের প্রস্তুতিতে করণীয়
পাথেয় টোয়েন্টিফের ডটকম : বিশ্বব্যাপি ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি করোনা ভাইরাস। মৃতের সংখ্যা প্রায় ৮ হাজার ছুঁই ছুঁই। বাংলাদেশেও একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত আছেন ১৮ জন। ঢাকা ছাড়িয়ে সর্বশেষ (আজ বিকাল ৪ ঘটিকা পর্যন্ত) আক্রান্ত রোগী চুয়াডাঙ্গার। বৈশ্বিক এ মহামারির বিস্তার রোধে সব মসজিদে জামাতে নামায পড়া বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব সরকার। শুক্রবারের জুমার নামাযসহ মুসলমানদের মসজিদে জামাতে নামাযের পরিবর্তে ঘরে নামায আদায়ে উৎসাহিত করা হয়েছে। কেবল মক্কায় পবিত্র কাবা শরীফ ও মদিনায় পবিত্র মসজিদের নববীতে নামায আদায় করা যাবে।
বাংলাদেশ সরকার এখনো এমন কিছু ঘোষণা করেনি। তবে আগামিকাল ২০ মার্চ শুক্রবার। জুমার নামায আদায়ের জন্য ধর্মপ্রাণ মুসল্লিদের উপচে পড়া ভিড় হবে সারা বাংলার প্রতিটি মসজিদে। তাই মসজিদে করোনা ভাইরাসের বিস্তর ঠেকাতে জুমার নাযাজের পূর্বেই আমরা কিছু প্রস্তুতি নিতে পারি। জেনে নিতে পারি কিছু দিক নির্দেশনা। যাতে মসজিদ ও মুসলিম উম্মাহকে বাঁচতে পারি করোনার মহামারি থেকে।
১. মসজিদ কার্পেট থাকলে সেগুলো উঠিয়ে নিতে হবে। তারপর ফ্লোর ভালো করে ধোয়ে মুছে পরিস্কার–পরিচ্ছন্ন করে ফ্লোরে নামায আদায় করতে হবে।
২. দিনের একবার নয়, বরং প্রত্যেক ওয়াক্ত নামাযের পূর্বেই ফ্লোর ভালো করে ধোয়ে মুছে পরিস্কার–পরিচ্ছন্ন করে ফ্লোরে নামায আদায় করতে হবে।
৩. নামায খুব সংক্ষিপ্ত করার চেষ্টা করবে। অর্থাৎ ছোট ছোট কেরাত তেলাওয়াত করে নামায আদায় করবে।
৪. ওজু করে ঘরেই সুন্নাত নামায আদায় করে মসজিদে আসতে হবে। মসজিদে শুধু ফরজ নামায আদায় করেই আবার ঘরেফিরে যাবে।
৫. বৃদ্ধা, নেবালেগ এবং অসুস্থ ব্যক্তিদের ঘরেই নামায আদায় করা ভালো হবে। তাদের মসজিদে আসার প্রয়োজন নেই।
৬. জুমার নামাযের পূর্বে বয়ান করার প্রয়োজন নেই। এমনি আরবি খুতবাও সংক্ষিপ্ত করে তাড়াতাড়ি নামায আদায় করার চেষ্টা করবে।
বিশ্ববিখ্যাত উলামায়ে কেরামের নানা পরামর্শ একত্রিত করে এই পরামর্শগুলো তৈরী করা হয়েছে।
হে আল্লাহ, তোমার দয়াই এ প্রাণঘাতি মহামারি করোনা ভাইরাস থেকে বিশ্ববাসিকে মুক্তি দিতে পারে। তুমি আমাদের প্রতি রহম করো। আমিন।


