পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পুরো ভারতজুড়ে করোনাভাইরাস মোকাবিলায় সংক্রমণ ঠেকাতে চলছে টানা ২১ দিনের লকডাউন। লকডাউনকে কঠোর করে তুলতে প্রতিটি রাজ্যেই গ্রহণ করা হয়েছে কড়া ব্যবস্থাপনা। কোথাও কোথাও জারি হয়েছে কারফিউ। এবার এই লকডাউন অমান্যে গুলিবর্ষণের আদেশ দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের তেলেঙ্গানা প্রদেশের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।
মঙ্গলবার (২৪ মার্চ) রাতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা মোকাবিলায় দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করে মানুষজনকে এসময় বাসায় থাকতে অনুরোধ করার পরে লকডাউন অমান্য করলে কঠোর পদক্ষেপ গ্রহণের এই হুঁশিয়ারি দিলেন কে চন্দ্রশেখর রাও।
তেলেঙ্গানার এই মুখ্যমন্ত্রী বলেন, ‘লকডাউন কার্যকর করতে আমেরিকায় সেনা নামাতে হয়েছে। করোনা পরিস্থিতিতে মানুষ লকডাউন না মানলে, এখানেও তেমন পরিস্থিতি তৈরি হতে পারে। ২৪ ঘণ্টা কারফিউ জারির পাশাপাশি দেখলেই গুলি করার নির্দেশ দিতে পারি আমরা। সেজন্য আপনাদের কাছে অনুরোধ, দয়া করে এমন পদক্ষেপ করতে বাধ্য করবেন না।’
‘নিষেধাজ্ঞা না মানলে দোকানের লাইসেন্স বাতিল হয়ে যাবে’ উল্লেখ করে তিনি আরও জানান, ‘সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি রয়েছে। এসময়ে কাউকে বাইরে থাকার অনুমতি দেওয়া হবে না। জরুরি প্রয়োজন পড়লে ১০০ নম্বরে ফোন করুন। পুলিশ সাহায্য করতে এগিয়ে আসবে। বিকেল ৪টার মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দিতে হবে। এক মিনিট এদিক ওদিক হলে লাইসেন্স বাতিল হয়ে যাবে।’
চন্দ্রশেখর রাও বলেন, ‘যাঁরা বিদেশ থেকে এসেছেন তাদের ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। কেউ এই নিয়ম ভাঙলে তার পাসপোর্ট বাজেয়াপ্ত হবে।’
মুখ্যমন্ত্রী কৃষি ও তার সঙ্গে যুক্ত কাজকর্ম চলবে এবং চাষিদের কাছ থেকে সরকার সরাসরি খাদ্যশস্য কিনবে বলে আশ্বাস দিয়েছেন। যাদের রেশন কার্ড আছে তাদের চাল ও ১ হাজার ৫০০ করে টাকা দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, ভারতে এপর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৬২ জন। মারা গেছেন ১১ জন।


