পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের কবলে বাদ যাচ্ছে না কেউই। সাধারণ মানুষ থেকে উচ্চপদস্থ এমনকি নিরাপত্তার বলয়ে ঘিরে রাখা রাজবংশেরও পিঁছু ছাড়ছে না প্রাণঘাতী এ ভাইরাস। ভাইরাসের কবলে এবার আক্রান্ত হলেন, রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ দম্পতির জ্যেষ্ঠ পুত্র ও ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস।
বুধবার (২৫ মার্চ) সকালে রাজ পরিবারের এক বিবৃতিতে ৭১ বছর বয়সী এই প্রিন্সের করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগেও ব্রিটেনে অনেকের শরীরে এই ভাইরাস পাওয়া গেছে। তবে এবার করোনার থাবা বসেছে খোদ রাজ পরিবারে। রাজ পরিবারের তরফ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। ৭১ বছর বয়সী চার্লসের খুব সামান্য কিছু লক্ষণ দেখা গিয়েছে। তবে আপাতত তার শারীরিক অবস্থা ভালো।
তার স্ত্রী ক্যামিলাকেও পরীক্ষা করা হয়েছে। তবে তার শরীরে কোনও সংক্রমণ ধরা পড়েনি। যদিও তারা দু’জনেই এখন বারমোলে আইসোলেশনে রয়েছেন। কিভাবে এই সংক্রমণ হল, তা এখনও স্পষ্ট নয়। কারণ কাজের সূত্রে বহু মানুষের সঙ্গে মেলামেশা করতে হয় প্রিন্স চার্লসকে।


