করোনা; দেশে আক্রান্ত আরও ৫ জন, নতুন শনাক্ত সবাই পুরুষ

করোনা; দেশে আক্রান্ত আরও ৫ জন, নতুন শনাক্ত সবাই পুরুষ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারাবিশ্বেই হানা দেয়া প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ দেশে বাড়ছে। নতুন করে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন আরও ৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪৪ ছাড়িয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট বা আইইডিসিআর এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছে।

আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, নতুন শনাক্তরা সবাই পুরুষ এবং এদের একজনের অন্যান্য রোগ রয়েছে। ওই পাঁচজনের মধ্যে একজন বিদেশ থেকে এসেছিলেন, তিনজন বিদেশ থেকে আগতদের সংস্পর্শে এসেছিলেন আর বাকি একজনের ব্যাপারে বিস্তারিত অনুসন্ধান চলছে বলে তিনি জানান।

নতুন রোগীদের মধ্যে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন এবং একজন ষাটোর্ধ্ব। তিনি বলেন, এর আগে আক্রান্তদের মধ্যে ১১ জন সুস্থ হয়েছেন।

উল্লেখ্য, গত ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসে। এরপর ১৮ই মার্চ প্রথম ব্যক্তির মৃত্যুর কথা জানায় আইইডিসিআর। বুধবার (২৫ মার্চ) প্রথম সংস্থাটি জানায় যে ঢাকায় সীমিত আকারে কম্যুনিটি সংক্রমণ হচ্ছে বলে তারা সন্দেহ করছে।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, এতোদিন শুধু বিদেশ থেকে যারা আসছিলেন তাদের নমুনা সংগ্রহ করা হচ্ছিল, তবে এখন থেকে তারা আরো বিস্তৃত উপায়ে নমুনা সংগ্রহ করা শুরু করবেন। আইইডিসিআর ছাড়াও পরীক্ষা প্রসারিত করা হয়েছে বলছেন সেব্রিনা ফ্লোরা।

“একই পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে জনস্বাস্থ্য প্রতিষ্ঠান ও ঢাকা শিশু হাসপাতাল ও চট্টগ্রামের বিআইটিআইতে এই কার্যক্রম শুরু করা হচ্ছে খুব শীঘ্রই।”

মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআর ছাড়া জেলা পর্যায়ে হটলাইন নম্বর দেয়া হচ্ছে বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক। এর আগে বিদেশ থেকে এসেছেন এমন মানুষের সংস্পর্শে ছিলেন এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে ছিলেন এমন মানুষের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করছিলেন বলে জানিয়েছেন।

এই পরীক্ষা পদ্ধতিতে অনেক সময় অপেক্ষা করতে হয়েছে, এখন সময় কমানোর লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে বলেও জানিয়েছেন তিনি। “আমাদের টিম হাসপাতালে গিয়ে নমুনা সংগ্রহ করে নিয়ে আসতো এখন হাসপাতাল নমুনা সংগ্রহ করে পাঠাবে।”

করোনাভাইরাসের পরীক্ষার কেন্দ্র আরো বৃদ্ধি করতে যাচ্ছে সরকার। ঢাকার বেশ কয়েকটি হাসপাতালসহ ঢাকার বাইরের কয়েকটি হাসপাতালে এই পরীক্ষার ব্যবস্থা চালু করা হচ্ছে বলে তিনি জানান।

আইইডিসিআরের যোগাযোগের জন্য ০১৯৪৪৩৩৩২২২ অথবা ১০৬৫৫ নম্বরে যোগাযোগের পরামর্শ দেয়া হয়েছে। এখান থেকে হান্টিং নম্বরের মাধ্যমে অন্যান্য নম্বরে টেলিফোনটি চলে যাবে। এছাড়া ১৬২৬৩ নম্বরেও যোগাযোগ করা যাবে।

তিনি আবারো স্বাস্থ্য সতর্কতার বিষয়গুলো মেনে চলার অনুরোধ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *