পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মশার কয়েল থেকে অগ্নিকান্ড। ঘুমিয়ে ছিলেন বাসার সকলে। সেই ঘুম আর ভাঙলোনা। ঘুমের ভেতরেই নিভে গেল ৩ টি প্রাণ। মশার কয়েল থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে নিহত হলেন তিনজন।
শনিবার (২৮ মার্চ) ভোররাতে রাজধানীর মিরপুরে একটি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শনিবার (২৮ মার্চ) সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাসেল শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন কল্পনা (৩৫), জান্নাত (১৩) ও কাউসার (৮)।
রাসেল শিকদার বলেন, মিরপুর ১১ নম্বর সেকশনের বি ব্লকের আরবান শিশু পার্কের পাশে বাউনিদাবাদ ১৬/১০ নম্বর বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তিনি বলেন, নিহতরা সবাই ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে মশার কয়েল থেকে আগুন লাগে। একপর্যায়ে বাসার ভেতরে তিনটি কক্ষে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে সকাল সাড়ে ৬টার দিকে আগুন নেভায়।
রাসেল শিকদার আরও বলেন, আগুন নেভানোর পর লাশ উদ্ধার করে আমরা পল্লবী থানায় হস্তান্তর করি।


