ভারতে করোনার আঁধার দূর করতে বাতি জ্বালানোর অনুরোধ মোদির

ভারতে করোনার আঁধার দূর করতে বাতি জ্বালানোর অনুরোধ মোদির

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের করালগ্রাসের শিকার হয়েছে ভারতও। সংক্রমণ রোধে নরেন্দ্র মোদির আহ্বানে পুরো ভারতব্যাপী চলছে টানা ২১ দিনের লকডাউন। এর মধ্যে লডাউনের আজ ৯ম দিনে দেশবাসীর উদ্দেশ্যে ভিডিও ভাষণে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ০৫ এপ্রিল দেশের সকলের কাছে ৯ মিনিট সময় চেয়ে নেন। রাত ৯টা থেকে ৯ মিনিট করোনার আঁধার দূর করতে সকলকে ঘরে ঘরে বাতি জ্বালাতে অনুরোধ করেন তিনি।

শুক্রবার (০৩ এপ্রিল) সকাল ন’টায় দেশবাসীর উদ্দেশে করোনা নিয়ে ভাষণ দিতে গিয়ে তিনি এ অনুরাধ জানান।

ভাষণে তিনি বলেন, “৫ এপ্রিল আপনাদের সকলের কাছ থেকে ৯ মিনিট সময় চেয়ে নিচ্ছি। ওই দিন রাত ৯টায় ৯ মিনিটের জন্য সকলে ঘরের আলো নিভিয়ে রাখুন।” পাশাপাশি তিনি আরও বলেন, “ওই সময় বাড়িতে থেকেই প্রদীপ, মোমবাতি, টর্চ জ্বালান। তাও যদি না হয়, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালান।”

করোনাভাইরাসের কারণে যে ভাবে দেশ জুড়ে সঙ্কটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার বিরুদ্ধে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদি। গত ২৫ মার্চ দেশ জুড়ে লকডাউন ঘোষণা করেছিলেন তিনি। ঠিক তার ৯ দিনের মাথায় আজ ফের দেশবাসীর উদ্দেশে করোনা নিয়ে ভাষণ দিলেন মোদি। তিনি বলেন, “লকডাউনের আজ নবম দিন। আপনারা যে ভাবে সরকারকে সহযোগিতা করেছেন তা প্রশংসনীয়।” সরকার, প্রশাসন এবং দেশবাসী সকলে মিলে যে ভাবে এই সঙ্কটময় পরিস্থিতিতে সামলানোর চেষ্টা করছেন তা এক কথায় অভূতপূর্ব বলেও এ দিন জানান মোদি।

বৃস্পতিবারই (০২ এপ্রিল) ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন মোদি। লকডাউনের পরে স্বাভাবিক ছন্দে কী ভাবে ফেরা যায় তা নিয়ে রাজ্যগুলোর কাছে পরামর্শ চেয়েছেন তিনি। দেশ জুড়ে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। ইতিমধ্যেই সংখ্যাটা দু’হাজার ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ৫০ জনের।

মোদি আরও বলেন, “দেশবাসীর মধ্যে এই ভাবনা চারিয়ে গিয়েছে যে, করোনার বিরুদ্ধে এক হয়ে লড়াই করতে হবে।” পাশাপাশি তিনি আরও বলেন, “অনেকের মনে হতে পারে একা ল়াই করব কী করে? এই প্রশ্নও মনে আসতে পারে কত দিন লকডাউনের মতো পরিস্থিতি চলবে? তাঁদের উদ্দেশে বলি, এটা লকডাউনের সময় ঠিকই। কিন্তু আপনারা কেউ একা নন। ১৩০ কোটি দেশবাসী এক সঙ্গে লড়ছে।”

করোনার থাবা থেকে দেশকে মুক্ত করতে গোটা দেশ যে বদ্ধপরিকর সে কথাও জানান মোদি। স্বাস্থ্যকর্মীরা যে ভাবে নিরন্তর আক্রান্তদের সেবা করে চলেছে তার ভূয়সী প্রশংসাও করেন তিনি। সেই সঙ্গে তাঁদের সহযোগিতা করার জন্য দেশবাসীকে ধন্যবাদও দেন মোদী। তিনি বলেন, “করোনার অন্ধকার থেকে দেশকে আলোর পথে নিয়ে যেতে হবে আমাদের।” তাই আগামী ৫ এপ্রিল (রবিবার) দেশবাসীকে নতুন সঙ্কল্প নিতে আহ্বান জানালেন মোদী। করোনার অন্ধকারকে চ্যালেঞ্জ করার আহ্বানও জানালেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *