পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে সর্বোচ্চ। এ নিয়ে দেশে মোট ৬০ জনের মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরো ৩৪১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত শনাক্ত হলো ১ হাজার ৫৭২ জন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ১৩৫টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ২০১৯টি। নমুনা সংগ্রহের আর আগের চেয়ে ৪ শতাংশ বেশি, পরীক্ষার হার বেড়েছে ১৬ শতাংশ।
মৃত ১০ জনের বয়সভিত্তিক বিশ্লেষণে নাসিমা সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে সত্তুরোর্ধ্ব একজন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের তিনজন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন। এদের মধ্যে পুরুষ সাত জন এবং নারী তিনজন।
মারা যাওয়া এই ১০ জনের মধ্যে ছয়জনই ঢাকার বলেও উল্লেখ করেন তিনি।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। সেদিন দেশে তিনজনের শরীরে করোনা শনাক্তের কথা জানায় আইইডিসিআর। এরপর দুজন-তিনজন করে বাড়তে বাড়তে মাস শেষে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় মোট ৫১ জনে। এ মাসের প্রথম সপ্তাহেও আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণেই ছিল, তবে দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই ঊর্ধ্বগতিতে বাড়তে থাকে করোনায় আক্রান্তের সংখ্যা।


