বন্দুকযুদ্ধে কক্সবাজারে নিহত দুই রোহিঙ্গা

বন্দুকযুদ্ধে কক্সবাজারে নিহত দুই রোহিঙ্গা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা শরণার্থী নিহত হয়েছেন; যাদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ রয়েছে বলে র‌্যাবের ভাষ্য।

র‌্যাব ১৫-এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানান, শুক্রবার (০১ মে) ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের শালবাগান রোহিঙ্গা শরণার্থী শিবির সংলগ্ন পাহাড়ি এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোহাম্মদ হাকিম (৩৫) ও মোহাম্মদ রশিদ (৩০)। তারা টেকনাফের একটি রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা বলে জানালেও র‌্যাব তাদের শিবিরের নাম বলেনি।

র‌্যাব কর্মকর্তা আজিম বলেন, “গোপন খবর পেয়ে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা অতর্কিতে গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।

“গোলাগুলির একপর্যায়ে কেউ কেউ পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

র‌্যাব কর্মকর্তা বলেন, “নিহত দুইজনই চিহ্নিত রোহিঙ্গা ডাকাত। তাদের বিরুদ্ধে ডাকাতির ঘটনায় জড়িত অভিযোগে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে। তারা রোহিঙ্গা জকির বাহিনীর সদস্য।”

ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১৫টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, ২৮টি গুলি ও দুটি ধারালো দা পাওয়া গেছে বলে তিনি জানান। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে বলেও তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *