পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, আত্মশুদ্ধি, সাম্য, সহমর্মিতা ও মানবীয় গুণাবলী সৃষ্টির উদাত্ত আহবান নিয়েই রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমযান আমাদের দ্বারপ্রান্তে আসছিলো। দেখতে দেখতে রমযানের মাঝামাঝি চলে আসছি।
তিনি বলেন, মুসলিম জাতীয় ঐতিহ্য চেতনায় এবং ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনে রমযান অতি গুরুত্বপূর্ণ। রমযান মাস পবিত্র কুরআন নাজিলের মাস, ইসলাম প্রতিষ্ঠার মাস, বিজয়ের মাস। মুসলমানের দ্বীন ও দুনিয়ার সমৃদ্ধি, পার্থিব ও আধ্যাত্মিক উন্নতি, দৈহিক ও মানবিক শ্রেষ্ঠত্ব আর গৌরব ও মর্যাদার অবিস্মরণীয় স্মৃতি বয়ে নিয়ে আসে মাহে রমযান। উন্নত চরিত্র অজর্নের পক্ষে অন্তরায় পাশবিক বাসনার প্রাবল্যকে পরাভূত করতঃ পাশবিক শক্তিকে আয়ত্তাধীন করা হচ্ছে সিয়ামের তাৎপর্য। ব্যক্তিগত এবং সামাজিকভাবে সর্বত্র আল্লাহর দ্বীনের প্রাধান্য প্রতিষ্ঠায় যাবতীয় প্রতিকূলতার মুখে টিকে থাকার জন্যে যে মানসিকতার প্রয়োজন, সিয়ামের সাধনার মধ্যেই তা অর্জিত হয়।
বৃহস্পতিবার (০৭ মে) এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন।
চরমোনাই পীর রমজানের পবিত্রতা বজায় রাখার জন্যে জনগণের প্রতি আহবান জানান এবং বলেন যে, আল্লাহ পাক বিশ্ব মুসলিমকে মাহাত্ম্য ও গুরুত্ব উপলব্ধি করার তৌফিক দান করুন।
তিনি আরও বলেন, পবিত্র রমযানের প্রতি সম্মান প্রদর্শণ করে টেলিভিশন ও অনলাইন এবং প্রিন্ট মিডিয়ায়সহ সকল প্রকার অশ্লীল ছবি প্রদর্শন বন্ধ রাখতে হবে।
এছাড়াও তিনি বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ফলে জনজীবন বিপর্যস্ত। বিশ্বের শক্তিগুলো এখন নিরুপায় হয়ে বসে আছে। সামান্য একটি ভাইরাস যা খলি চোখে দেখা যায় না, সেই অদৃশ্য ভাইরাসে পুরো বিশ্ব ধমকে গেছে। কাজেই সকলকে আল্লাহর দিকেই ফিরে আসতে হবে।


