পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নভেল করোনাভাইরাস সৃষ্ট কভিড-১৯ মহামারীর শুরুর দিকে পশ্চিমে এশীয় বিদ্বেষ চরমমাত্রায় পৌঁছে গিয়েছিল। সেটি এখন আরো সম্প্রসারিত হয়ে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী, বিদেশীর বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এই মহামারীর সময় গোটা বিশ্বে ‘ঘৃণার সুনামি’ শুরু হয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস। অবিলম্বে এই ঘৃণা ও বিদ্বেষের আবহ বন্ধ করতে বিশ্বে নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (৮ মে) এক বিবৃতিতে গুতেরেস বলেন, কভিড-১৯ মহামারীর চেহারা নেয়ার পর থেকেই অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় বিদেশীভীতি চেপে বসেছে। কখনও কখনও সেই ঘৃণা পথে-ঘাটে মুসলিম বিদ্বেষেও পরিণত হচ্ছে। পাশাপাশি সেমিটিক বিরোধী ষড়যন্ত্র তত্ত্বের পালেও হাওয়া দেয়া হচ্ছে। অবিলম্বে এই বিদ্বেষ বন্ধ করতে রাষ্ট্রগুলোকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, এই ভাইরাসের উৎপত্তি কোথায় তা নিয়ে ধন্দ রয়েছে। আর সেই সুযোগে শরণার্থী ও অভিবাসীরা ন্যূনতম চিকিৎসা সেবাটুকু পাচ্ছেন না।
সাংবাদিক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী বা পুলিশ, যারা এই সময়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, তাদেরকে শুধু তাদের পেশার জন্য ঘৃণার নিশানা করা হচ্ছে বলেও উল্লেখ করেন জাতিসংঘ মহাসচিব।
গুতেরেস বলেন, অনতিবলিম্বে এই ঘৃণার ভাইরাসের বিরুদ্ধে আমাদের সমাজের মধ্যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। নাগরিক সমাজের পাশাপাশি ধর্মী নেতাদেরও এ কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।


