বঙ্গবন্ধু হত্যায় কমিশন গঠন হতে পারে : আইনমন্ত্রী

বঙ্গবন্ধু হত্যায় কমিশন গঠন হতে পারে : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার নেপথ্য কুশলীদের খুঁজে বের করতে কমিশন গঠনের চিন্তা করছে সরকার। যাতে নতুন প্রজন্ম বিষয়টি জানতে পারে। বৃহস্পতিবার রাজধানীর নিবন্ধন পরিদপ্তর প্রাঙ্গণে জাতীয় শোক দিবসের আলোচনায় আইনমন্ত্রী একথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যায় জড়িতদের বিচার হলেও এই ঘটনার নেপথ্যে কারা ছিল সেটা বের হয়নি। এ নিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার আক্ষেপের দুই দিনের মধ্যে এই চক্রান্ত খুঁজতে কমিশন গঠনের চিন্তার কথা জানালেন মন্ত্রী। বঙ্গবন্ধু হত্যা এক বিরাট চক্রান্ত ছিল মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে কিন্তু লাহোরে (পাকিস্তানের শহর) মারা হয়নি, তাকে ঢাকায় হত্যা করা হয়েছে।

বঙ্গবন্ধুকে হত্যার ঘটনা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, সেই হত্যার প্যাটার্নটা দেখেন, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, তার স্ত্রী, সন্তান, পুত্রবধুকে হত্যা করা হয়। কিন্তু কেন? এই হত্যার সবচেয়ে বড় একটা কারণ ছিল তারা বাংলাদেশকে পাকিস্তান বানানোর চেষ্টা করেছিল। কিন্তু তখন তারা পারেনি। এরপর খালেদা জিয়া বঙ্গবন্ধুকে মুছে ফেলার জন্য চেষ্টা করেছে। বঙ্গবন্ধু হত্যা মামলায় জিয়াউর রহমান জড়িত ছিলেন উল্লেখ করে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্তে জিয়াউর রহমানের নাম ছিল। তিনি এই হত্যার সঙ্গে জড়িত ছিলেন। কিন্তু যখন এই তদন্ত হয় তার ১৫ বছর আগেই মৃত্যু হয়। মৃতকে মামলায় অভিযুক্ত করা যায় না। আনিসুল হক বলেন, এই বিচার হওয়ার ২১ বছর আগে এই হত্যা হয়েছিল। ২১ বছর পরে অনেক কিছু তদন্তে আসেনি।

যদি ২১ বছর আগে মামলা হতো, বিচার অনুষ্ঠিত হতো তাহলে এই মামলায় অনেক কিছু বেরিয়ে আসত। বঙ্গবন্ধু হত্যার বিচার দীর্ঘ দিন বন্ধ থাকার সমালোচনা করে মন্ত্রী বলেন, যিনি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট দিয়ে গেছেন কিন্তু অনেক বিচারপতি তার হত্যার বিচার করতে অপারগতা প্রকাশ করেছেন। এটা আমাদের জন্য লজ্জার। কোনো একক নেতৃত্বে স্বাধীনতা আসেনি-এমন কথা বলার চেষ্টা হচ্ছে মন্তব্য করে আইমন্ত্রী বলেন, বাংলাদেশের এমন একজন নেতাকে দেখান যিনি ১৩ বছরের অধিক সময় বাঙালি জাতির জন্য কারাবরণ করেছেন। বঙ্গবন্ধু হওয়ার আগে তিনি আমাদেরকে অনেক কিছু দিয়ে গেছেন। বাঙালি বাংলা ভাষায় কথা বলতে পারবে, বঙ্গবন্ধু সেই ভাষা আমাদেরকে দিয়ে গেছেন। গণতন্ত্র দিয়ে গেছেন। সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র সচিব শহীদুল হক, অতিরিক্ত সচিব নাসরিন বেগম, ইসরাইল হোসেন, মোস্তাফিজুর রহমান ও নিবন্ধন পরিদপ্তরের মহাপরিচালক খান মো. আবদুল মান্নান প্রমুখ বক্তব্য রাখেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *