করোনাক্রান্ত আওয়ামী লীগের এমপি ফরিদুল হক

করোনাক্রান্ত আওয়ামী লীগের এমপি ফরিদুল হক

করোনাক্রান্ত আওয়ামী লীগের এমপি ফরিদুল হক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: আরও একজন আওয়ামী লীগের এমপি আক্রান্ত হলেন করোনা ভাইরাসে। জামালপুর-২ (ইসলামপুর) আসনের আওয়ামী লীগের এমপি ফরিদুল হক খান দুলাল করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। বুধবার (৩ জুন) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের নমুনা পরীক্ষার পর তার দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়।

এ বিষয়ে ফরিদুল হক খান দুলাল গণমাধ্যমকে বলেন, আমি করোনা ভাইরাসে আক্রান্ত। আমার জন্য দোয়া করবেন। এছাড়াও ওই জেলার ইসলামপুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ভাইস চেয়ারম্যান এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানও আক্রান্ত হয়েছেন। তারাও সবাই ভালো আছেন।

ফরিদুল হক খান দুলাল আরও বলেন, আমার শরীরে করোনার তেমন কোনো উপসর্গ নেই। তারপরেও পজিটিভ এসেছে। জামালপুরের গ্রামের বাড়িতে আইসোলেশনে আছি। আজ-কাল পরিস্থিতি দেখব। অবনতি হলে ঢাকায় যাব। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি হবো।

এ নিয়ে চার জন এমপি করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। এর আগে চট্টগ্রাম-৬ আসনের এমপি এবং রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী, নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকার এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল করোনায় আক্রান্ত হন। এর মধ্যে শহীদুজ্জামান সরকার ও এবিএম ফজলে করিম চৌধুরী করোনাকে জয় করেছেন।

তবে এখনও করোনার সাথে লড়াই করছেন বিকন ফার্মার ব্যবস্থাপনা পরিচালক ও বিকন ডেভলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবাদুল করিম বুলবুল।

খোঁজ নিয়ে জানা গেছে, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মেয়ে জেবা জামান চৌধুরীর সঙ্গে সম্প্রতি এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ লাবুর ছেলে আতিকুল আলমের বাগদান সম্পন্ন হয়। লকডাউনের মধ্যেই ভূমিমন্ত্রীর চট্টগ্রামের বাসায় এই বাগদান হয়। ওই বাগদানে অংশ নেয়া এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলমসহ দুইজন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে ইতোমধ্যেই মারা গেছেন । ওই বাগদানের অনুষ্ঠান থেকে আরও কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন ।

করোনা বাসা বেঁধেছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সরকারি বাসার চার কর্মীর শরীরে । যদিও তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। এ ভাইরাস শনাক্ত হয়েছে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের গানম্যানের দেহেও। ইতোমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

মন্ত্রীদের বাসার লোক বা চলাচলের সঙ্গীদের পাশাপাশি করোনা বাসা বেঁধেছে অনেকের কর্মস্থলের সহযোগীর শরীরেও। সোমবার (১ জুন) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান জানিয়েছেন তার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা। তার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেনের করোনায় আক্রান্ত হওয়ার কথা জানা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *