মেগা প্রকল্পে ঋণ দেবে জাপান

মেগা প্রকল্পে ঋণ দেবে জাপান

পাথেয় রিপোর্ট ● বাংলাদেশের উন্নয়নে জাপানের সহায়তা অব্যাহত থাকার ব্যাপারে আশ্বস্ত করেছে জাপান।   মঙ্গলবার জাপানের বিদায়ী রাষ্ট্রদূত মাসাকো ওয়াতানোবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে বিদায়ী সাক্ষাতে এ কথা বলেন। রাষ্টদূত বলেন, আমরা বাংলাদেশের উন্নয়নের জন্য আমাদের সহায়তা অব্যাহত রাখবো। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের কয়েকটি মেগা প্রকল্পে ৬শ বিলিয়ন ইয়েন ঋণ সুবিধা প্রদান করছে জাপান। তিনি বলেন, জাপানের বিনিয়োগকারীগণও বাংলাদেশের প্রতি গভীরভাবে নজর রাখছেন। কারণ, তারা এদেশের গৃহনির্মাণ শিল্পে বিনিয়োগে আগ্রহী। মাসাতো ওয়াতানাবে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্বারোপ করার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারেও গুরুত্ব দেন। বিদায়ী জাপানের রাষ্ট্রদূত তার দায়িত্ব পালনকালে সবরকমের সহযোগিতা প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, তার ঢাকায় অবস্থানকাল সংক্ষিপ্ত হলেও ফলপ্রসু ছিল। এ প্রসঙ্গে রাষ্ট্রদূত উল্লেখ করেন, তার দায়িত্ব পালনকালে সব থেকে বড় সাফল্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সব সময়ই জাপানকে তার বড় বন্ধু মনে করে। তিনি বলেন, জাপানকে আমরা সবসময়ই আমাদের বড় বন্ধু বলে মনে করি কেননা তারা সবসময়ই বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করে আসছে। শেখ হাসিনা এ সময় বাংলাদেশ স্বাধীন হবার পর থেকেই জাপানের বিভিন্ন সহযেগিতার কথা স্মরণ করেন। এ প্রসংগে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা পরবর্তীকালে জাপান সফরের পরেই বঙ্গবন্ধু সেতুর সম্ভাব্যতা যাচাই করা হয়েছিল। বাংলাদেশে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এসব প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই এদেশের জনগণের বসবাস। কিভাবে এই দুর্যোগ মোকাবেলা করতে হয় তাও আমরা শিখে গেছি।  তিনি বলেন, প্রশাসন, প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দ এবং তার দল আওয়ামী লীগের নেতা-কর্মীবৃন্দ বানভাসী মানুষের কষ্ট লাঘবে কাজ করে যাচ্ছে। জাপানের সঙ্গে ব্যবসা এবং বিনিয়োগের প্রসংগে প্রধানমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরকার জাপানী বিনিয়োগকারিদের জন্য ১ হাজার একর জমি বরাদ্দ দিয়েছে।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার সবরকমের নিরাপত্তাসহ জাপানের প্রকল্পগুলোকে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদান করবে। গত বছর গুলশানের হলি আর্টিজান বেকারীর ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা শক্তহাতে পরিস্থিতি মোকাবেলা করতে সমর্থ হয়েছি। এ সময় প্রধানমন্ত্রী দেশের সকল শ্রেণি-পেশার নাগরিকদের সঙ্গে নিয়ে তার সরকারের সন্ত্রাসবিরোধী গণসচেতনতা সৃষ্টির উদ্যোগও তুলে ধরেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড.কামাল আব্দুল নাসের চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। অন্যদিকে নাশকতায় নিহত ৬ পরিবারকে প্রধানমন্ত্রীর অনুদান বিএনপি-জামায়াতের রাজনৈতিক কর্মসূচিতে পেট্রোল বোমা নিহত পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয়ে এসব পরিবারকে ৩০ লাখ টাকা দেয়া হয়। কুমিল্লা দক্ষিণ সদরের মো. শামসুল হকের স্ত্রী মোসাম্মত শামসুন নাহার এবং কক্সবাজারের চকোরিয়ার মো. ইউসুফের স্ত্রী ফরিদা বেগম, মোহাম্মদ সৈয়দ আহমেদের স্ত্রী সালমা বেগম, রাশেদুল ইসলামের স্ত্রী সুমি আক্তার, মো.রাশেদুল ইসলামের বাবা আবদুল্লাহ আল ইউসুফ রাফি ও মো. রাশেদুল ইসলামের বাবা আবদুল্লাহ আল সুয়াইম রাহাত প্রধানমন্ত্রীর হাত থেকে অনুদানের চেক নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *