সুস্থ হয়ে মাদরাসায় ফিরেছেন আল্লামা শফী
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও চট্টগ্রামের দারুল উলূম মঈনুল ইসলামের (হাটহাজারী বড় মাদরাসা) মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী সুস্থ হয়ে আবার মাদরাসায় ফিরেছেন। হঠাৎ অসুস্থ হওয়ার পর তিনি চমেক হাসপাতালের আইসিইউতে ৮ দিন চিকিৎসাধীন ছিলেন।
চিকিৎসাধীন অবস্থায় সুস্থ হলে সোমবার (১৫ জুন) বিকেলে তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। জানতে চাইলে বিকেলে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর বলেন, আল্লামা শফী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুস্থ হয়েছেন। উনাকে আজকে বেলা ২টার দিকে ছাড়পত্র দেওয়া হয়।
হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দীন রুহী বলেন, বড় হুজুর (আল্লামা শাহ আহমদ শফী) সুস্থ হয়ে হাসপাতাল থেকে বিকেল ৪টার দিকে মাদরাসায় ফিরেছেন।
আল্লামা শাহ আহমদ শফী বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে গত ৭ জুন রাতে তাঁকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখান থেকে তাঁকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করান হয়। চমেক হাসপাতালের উপপরিচালক ডা. আফতাবুল ইসলাম গত মঙ্গলবার জানান, উনার (আল্লামা শফী) চিকিৎসার বিষয়ে ৩০ মিনিট পর পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে খোঁজখবর নিচ্ছেন। এদিকে গত ৮ জুন মেডিক্যাল বোর্ড করা হয়েছিল। মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসাসেবা চলছিল।
টানা ৮ দিন চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুস্থ হলে সোমবার তাঁকে ছাড়পত্র দেয় হাসপাতাল। হাসপাতাল থেকে সরাসরি তিনি ফেরেন চট্টগ্রাম জেলার হাটহাজারী বড় মাদরাসায়।


