‘ক্রমশ দুর্বল হচ্ছে করোনা, প্রতিষেধক ছাড়াই নির্মূল হবে’

‘ক্রমশ দুর্বল হচ্ছে করোনা, প্রতিষেধক ছাড়াই নির্মূল হবে’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৯০ লাখ ৫১ হাজার তিনশ ৫৮ জন এবং মারা গেছে চার লাখ ৭০ হাজার চারশ ৯৫ জন। তবে এখন পর্যন্ত করোনা আক্রান্তের চিকিৎসার সঠিক কোনো ওষুধ কিংবা টিকা আবিষ্কার হয়নি।

অবশ্য তিনটি প্রতিষেধক বাজারে আসার অপেক্ষায় রয়েছে, চলছে চূড়ান্ত পর্বের পরীক্ষা। এ ছাড়াও রুশ বিজ্ঞানীদের তৈরি ওষুধ ‘অ্যাভিফ্যাভির’ এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি স্টেরয়েড ‘ডেক্সামেথাসোন’ প্রয়োগ করে করোনার বিরুদ্ধে আশাতীত ফল মিলেছে।

কিন্তু এবার একেবারে ভিন্ন ধরনের দাবি করলেন ইতালির প্রথম সারির একজন গবেষক। তিনি মনে করেন, প্রতিষেধকের নাকি আর প্রয়োজনই হবে না।

কারণ, এবার নিজে থেকেই সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে করোনাভাইরাস! এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন ইতালির সান মার্টিনো জেনারেল হাসপাতালের সংক্রামক রোগের প্রধান গবেষক অধ্যাপক মাত্তিও বাসেত্তি।

তিনি দাবি করেন, শক্তি হারিয়ে ক্রমশ দুর্বল হচ্ছে করোনাভাইরাস। শুধু তাই নয়, কোনো রকম প্রতিষেধক ছাড়াই এই ভাইরাস সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে।

তিনি আরো জানান, করোনা রোগীরাও এখন আগের তুলনায় অনেকটাই দ্রুত সেরে উঠছেন অধিকাংশ ক্ষেত্রেই।

বাসেত্তি দাবি করেন, মহামারি শুরুর দিকে করোনা সংক্রমণের আগ্রাসন যতটা লক্ষ করা গেছে, এখন সে তুলনায় ভাইরাসের তেজ অনেকটাই কমে এসেছে।

তার মতে, এই ভাইরাসের সাম্প্রতিক জিনগত পরিবর্তনই হয়তো কারণ। জিনগত পরিবর্তনের ফলে এই ভাইরাসের আগ্রাসন বা প্রাণঘাতী ক্ষমতা এখন হ্রাস পেয়েছে।

কিন্তু মাত্তিও বাসেত্তির যুক্তি মেনে নিতে নারাজ বিশ্বের একাধিক দেশের বিজ্ঞানীরা। তাদের যুক্তি, ইতালির ওই গবেষকের দাবির সপক্ষে তেমন কোনো তথ্যই তিনি পেশ করতে পারেননি। উন্নত চিকিৎসার কারণে বা সামাজিক দূরত্বের ফলেই হয়তো মানুষ এখন আগের মতো করোনায় আক্রান্ত হচ্ছেন না।

এর আগেও এমন দাবি করেছিলেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলোসকোনির ব্যক্তিগত চিকিৎসক আলবার্তো জাংরিলো।

তিনি দাবি করেছিলেন, ক্লিনিক্যালি করোনাভাইরাসের অস্তিত্ব আর নেই! এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারী বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভ জানান, জাংরিলোর বক্তব্যের কোনো বৈজ্ঞিানিক জোরাল প্রমাণ নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *