করোনায় মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সাইদুজ্জামানের মৃত্যু

করোনায় মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সাইদুজ্জামানের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক সাইদুজ্জামান তারা (৭০) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

শুক্রবার (২৬ জুন) রাত ৯টার দিকে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গতকাল বিকেলেই তাঁর করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।

বগুড়া থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক হাতিয়ার’-এর নির্বাহী সম্পাদক ছিলেন সাইদুজ্জামান। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি সেক্টর কমান্ডারস ফোরামের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. খায়রুল বাশার মোমিন তাঁর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। কদিন আগে তার শ্বাসকষ্ট শুরু হলে গত ২৪ জুন তিনি পরীক্ষার জন্য নমুনা দেন। এরপর ২৫ জুন রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অক্সিজেনের মাত্রা অস্বাভাবিকভাবে কমে গেলে শুক্রবার রাত ৯টার দিকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেয়ার সময় তিনি মারা যান।

বগুড়া থেকে ১৯৭২ সালে প্রকাশিত ‘দৈনিক বাংলাদেশ’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন এই প্রবীণ সাংবাদিক। পরবর্তীতে একাধিক দৈনিকে কাজ করেছেন।

তাঁর মৃত্যুতে বগুড়া প্রেসক্লাব ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। শোকের ছায়া নেমে এসেছে বগুড়ার সাংবাদিক মহলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *