জলাবদ্ধতায় সিটি কর্পোরেশন ও ওয়াসাকে দায়ি করছে ইসলামী আন্দোলন
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ, সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া বলেছেন, ভারী বৃষ্টিপাতে রাজধানীতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
রোববার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে ঢাকার প্রধান প্রধান সড়কসহ বেশ কিছু এলাকা পানিতে তলিয়ে গেছে। পুরো নগরজুড়ে অনেকটা নাকাল অবস্থা। সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তির শিকার হয়েছেন অনেকে।
এদিকে, রাজধানীর কাওরান বাজার, গ্রিনরোড, মিরপুর, মোহাম্মদপুর, শ্যামলী, রামপুরা, বাড্ডা, শান্তিনগর, মালিবাগ, ধানমন্ডি ২৭ এলাকায় পানিবদ্ধতার কারণে তীব্র যানজট সৃষ্টি হয়ে মানুষ দুর্ভোগে পড়েছে।
নেতৃদ্বয় বলেন, যানজট, জলাবদ্ধতা ও বায়ূদূষণসহ নানা সমস্যায় নগরবাসী জর্জরিত। বৈশ্বিক প্রতিবেদনে ঢাকা বসবাসের অযোগ্য ও পৃথিবীর নিকৃষ্ট শহর। সিটি কর্পোরেশনের দূর্নীতি, অদক্ষতা, দায়বদ্ধহীনতা ও সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের সমন্বয়হীনতা এবং দায় এড়ানোর মানসিকতার কারণে নগরবাসীর ভোগান্তি বেড়েই চলছে। মাত্র সোয়া অল্প বৃষ্টিতেই ঢাকা শহর ডুবে যায়।
নেতৃদ্বয় বলেন, বর্জ্য ব্যবস্থাপনার ত্রুটি, নালা ও খাল সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করা, রাস্তা থেকে নদী পর্যন্ত পানি যাওয়ার প্রক্রিয়াটি নির্বিঘ্ন না হওয়া এবং পর্যাপ্ত জলাধার না থাকায় জলাবদ্ধতা বাড়ছেই। জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন ও ওয়াসা বরাবরই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ঢাকা ওয়াসার অধীনে ৩৮৫ কিলোমিটার গভীর নর্দমা, ১০ কিলোমিটার বক্স কার্লভাট, ৮০ কিলোমিটার খাল এবং ৩৬০ কিলোমিটার পানিনিষ্কাশন নেটওয়ার্ক রয়েছে। অন্যদিকে সিটি কর্পোরেশনের অধীনে ২ (দুই) হাজার কিলোমিটার নর্দমা, ১২০০ কিলোমিটার ভূগর্ভস্থ পাইপলাইন এবং ২ (দুই) হাজার কিলোমিটার পানি নিষ্কাশন নেটওয়ার্ক রয়েছে। এর মানে হল, জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন ও ওয়াসা- উভয়েরই দায় রয়েছে। কিন্তু গত ১০ (দশ) বছর সিটি কর্পোরেশন ও ওয়াসা জলাবদ্ধতা নিরসনে ১১৫৪ কোটি টাকা ব্যয় করলেও জলাবদ্ধতা তো কমেই নি; বরং ক্রমেই বেড়েছে। মনে হচ্ছে, জনগণের করের টাকা ‘উন্নয়নের জোয়ার’ ভাসিয়ে দেয়া হচ্ছে।
নেতৃদ্বয় আরো বলেন, নগরবাসীর দূর্দশা যখন চরমে, তখন সিটি কর্পোরেশন ও ওয়াসা সমস্যা সমাধানের চেয়েও একে অপরের ওপর দোষ চাপাতেই অধিক ব্যস্ত। জলাবদ্ধতা নিরসনে অন্যতম অনুসঙ্গ হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। সিটি কর্পোরেশন সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনায়ও ব্যর্থতার পরিচয় দিচ্ছে। নগরের জলাবদ্ধতাসহ সার্বিক সমস্যা সমাধানে সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সবাইকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে।


