আরও ৫০ জনের মৃত্যু ২৯২৮ রোগী শনাক্ত
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে করোনায় গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৬৬৮ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৯২৮ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ সাত হাজার ৪৫৩ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯১৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ ১৩ হাজার ৫৫৬ জন।
সোমবার দুপুর আড়াইটায় করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি জানান, সারাদেশে ৮০টি ল্যাব আছে। সরকারি ও সরাকারি ব্যবস্থাপনায় ৪৮টি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩২টি ল্যাব চালু আছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৩২৯টি। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৩৬২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ৪১ হাজার ৬৬১টি।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৫০ জনের মধ্যে ৩৫ জন পুরুষ ও নারী ১৫ জন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে সাতজন, রাজশাহী বিভাগে পাঁচজন, সিলেট বিভাগে তিনজন, বরিশাল ও রংপুরে বিভাগে দু’জন করে চারজন, খুলনা বিভাগে ১০ জন। এদের মধ্যে হাসপাতালে ৩২ জন ও বাসায় মারা গেছেন পাঁচজন।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দু’জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চারজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে নয়জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, শূন্য থেকে ১০ বছরের একজন রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৮২৩ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৮০২ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৪২ হাজার ৯৭০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৬১২ জন।


