নদওয়াতুল উলামায় অনলাইনে পাঠদানের সিদ্ধান্ত
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের লখনৌতে অবস্থিত প্রসিদ্ধ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলূম নদওয়াতুল উলামায় প্রথমবারের মতো অনলাইনে পাঠদানের সিদ্ধান্ত হয়েছে। গত সপ্তাহের শেষে প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
তারা জানায়, করোনা মহামারির সংকটময় পরিস্থিতিতে অনলাইনে পাঠদানই সবচেয়ে ভালো বিকল্প। বিবৃতিতে আরো বলা হয়, মূলত শিক্ষার্থীদের সংখ্যা নির্ধারণেই অনলাইনে পাঠদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে নদওয়ার পুরনো শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি নবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। আর চলতি শিক্ষাবর্ষে নতুন কোনো শিক্ষার্থীর ভর্তি নেওয়া হবে না বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
nadwa.in ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে পুরনো শিক্ষার্থীরা আগামী ৮ আগস্ট পর্যন্ত ভর্তি নবায়ন করতে পারবে। ভর্তি নবায়নের কাজ শেষ হলেই অনলাইনে পাঠদানের সময়সূচি প্রকাশ করা হবে।
সূত্র : মিল্লাত টাইমস


