পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আরো ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৮৩ জনে। এসময় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন দুই হাজার ৬৯৫ জন। এ নিয়ে আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৩৪ হাজার ৮৮৯ জন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) করোনাভাইরাস বিষয়ে দুপুরে স্বাস্থ্য অধিদফতরের অনলাইন বুলেটিনে এ তথ্য তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
দেশের ৮২টি ল্যাবের তথ্য তুলে ধরে নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১২ হাজার ৬৬৭টি। আগের কিছু নমুনাসহ পরীক্ষা হয়েছে ১২ হাজার ৯৩৭টি। এ নিয়ে দেশে মোট ১১ লাখ ৬৪ হাজার ১৯৫টি নমুনা পরীক্ষা করা হলো।
এছাড়া একদিনে সুস্থ হয়েছেন দুই হাজার ৬৬৮ জন। এ নিয়ে মোট এক লাখ ৩২ হাজার ৯৬০ জন রোগী সুস্থ হলেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৬ দশমিক ৬১ শতাংশ।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ৮৩ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ১৮ শতাংশ। তবে দেশে শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ।
নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় মৃত ৪৮ জনের মধ্যে পুরুষ ৩৬ জন ও নারী ১২ জন। এদের বয়স বিশ্লেষণে তিনি জানান, মৃতদের মধ্যে ৩১ থেকে ৪০ বছর বয়সী রয়েছেন একজন, ৪১ থেকে ৫০ বছরের চারজন, ৫১ থেকে ৬০ বছরের ১৪ জন, ৬১ থেকে ৭০ বছরের ১২ জন, ৭১ থেকে ৮০ বছরের ১১ জন, ৮১ থেকে ৯০ বছরের পাঁচজন, এবং ৯১ থেকে ১০০ বছর বয়সসীমার রয়েছেন একজন।
বিভাগভিত্তিক বিশ্লেষণে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন ১৭ জন, চট্টগ্রাম বিভাগের ১২ জন, খুলনা ও সিলেটের পাঁচজন করে, রাজশাহীর তিনজন এবং বরিশাল, ময়মনসিংহ ও রংপুর বিভাগের দুজন করে রয়েছেন।
গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারীতে পরিণত হয়েছে। বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয় গত ৮ মার্চ। সেদিন তিনজন আক্রান্ত শনাক্ত হওয়ার কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এরপর মার্চ মাস শেষে ৫০ জনের মতো শনাক্তের কথা জানা গেলেও এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আক্রান্তের হার বাড়তে থাকে খুব দ্রুত।
/এএ


