চট্টগ্রাম মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট স্থগিত
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ইন্টার্ন চিকিৎসকেরা শনিবার সকাল থেকে হাসপাতালে কাজে যোগ দিয়েছেন। চমেক প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাঁদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট তাঁরা স্থগিত করেছেন। ইন্টার্ন চিকিৎসক ও ছাত্রলীগের দুই পক্ষের মারামারির পর শুক্রবার থেকে তাঁরা ধর্মঘটে যান।
গত বৃহস্পতিবার বিকেলে ও রাতে নগরের চট্টেশ্বরী সড়কের প্রধান ছাত্রাবাস এবং সংলগ্ন এলাকায় দুই পক্ষে দুই দফা মারামারি হয়। এতে চমেক ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের (আইডিএ) আহ্বায়ক ওসামন গণিসহ তিনজন আহত হন। এরপর ইন্টার্ন চিকিৎসকেরা ধর্মঘট আহ্বান করেন। এক দিনের মাথায় তা স্থগিত করে নেন তাঁরা।
জানতে চাইলে আইডিএর যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান বলেন, ‘শুক্রবার রাতে চমেক প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে। আমরা আমাদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা নেওয়ার দাবি দিয়েছি। তারা আমাদের আশ্বস্ত করেছে। তাই ধর্মঘট স্থগিত করে কাজে যোগ দিয়েছি।’
এর আগে হামলার ঘটনায় বৃহস্পতিবার চকবাজার থানায় অভিযোগ দেওয়া হয়। পরে শুক্রবার দুপুরে পুলিশ ঘটনায় জড়িত ১১ জনকে গ্রেপ্তার করে। বিকেলে তাঁরা আদালত থেকে জামিন পান।
চমেক ক্যাম্পাসে ইন্টার্ন চিকিৎসক ও ছাত্রদের সমন্বয়ে ছাত্রলীগের দুটি পক্ষ বিবদমান। এর একটি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর এবং অন্যটি সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী। ওসমান গণিরা নাছিরপন্থী।


