ইউএনও ওয়াহিদাকে হত্যাচেষ্টা
দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক
রাতের আঁধারে মানুষ সামান্য প্রশান্তি খোঁজে ঘুমিয়ে। নতুন দিনের প্রত্যাশায় ক্লান্তি ও অবসাদ দূর করে আবার জেগে ওঠে। কিন্তু দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের সে রাত যেনো এক ভয়াল পঁচিশে মার্চের মতোই মনে হয়েছিল নিশ্চয়ই। দুর্বৃত্তরা হামলে পড়েছিল তার প্রাণ কেড়ে নিতে। কী বিস্ময়কর দুরাবস্থা। যেখানে জীবন কত অসহায়। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার পর থেকে দেশের সর্বত্র এ নিয়েই আলোচনা ও সমালোচনা চলছে। আইনশৃঙ্খলা বাহিনীও অপরাধীদের ধরতে তৎপর থেকে গ্রেফতার করেছে। এমন দুর্বৃত্তায়নের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছে সবাই। সামাজিক যোগাযোগ মাধ্যমও সরব।
তাকে হত্যাচেষ্টার ঘটনা শুধু উদ্বেগজনকই নয়, এর মাধ্যমে দেশের আইনশৃঙ্খলার হালহকিকতও জনসমক্ষে দৃষ্টিকটুভাবে প্রকাশ হয়ে পড়েছে। দুর্বৃত্তায়নের রাজনীতির প্রসার কী বিপর্যয় ঘটাতে পারে তারও প্রমাণ ইউএনওর হত্যাচেষ্টা। আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতার পরিণতিতে যে মাঠ পর্যায়ের একজন শীর্ষ কর্মকর্তার নিরাপত্তা বিঘ্নিত হয়েছে তাও সবার সামনে স্পষ্ট করেছে এ নিন্দনীয় ঘটনা। একজন ইউএনও উপজেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তা। তার জীবনের নিরাপত্তা না থাকলে তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় সে প্রশ্নটি স্বাভাবিকভাবে এসে যায়।
এ হত্যাচেষ্টার ঘটনায় ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। যাদের বড়সড় রাজনৈতিক পরিচয়ও আছে। রাজনীতিতে দুর্বৃত্তদের ঠাঁই দিলে তা যে রাজনৈতিক সংগঠনের জন্য ভাবমূর্তির সংকট সৃষ্টি করে, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সুপরিকল্পিত হত্যাচেষ্টার সঙ্গে দুই তথাকথিত যুবনেতার সংশ্লিষ্টতা সে বিষয়টি তুলে ধরেছে। আমাদের দেশের জাতীয় অগ্রগতির পথে প্রধান বাধা আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা। এটি শুধু জাতির অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে না, ক্ষেত্রবিশেষ আমলাদের নিজেদের জন্যও যে বিড়ম্বনা সৃষ্টি করছে, ঘোড়াঘাটকান্ড তারই নজির। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিরাপত্তার ব্যাপারে দুই বছর আগেই অনুশাসন দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তা কার্যকর হলে একজন সৎ ও নিষ্ঠাবান ইউএনওকে রাজনৈতিক দুর্বৃত্তদের হত্যাচেষ্টার শিকার হতে হতো না।
আশার কথা, এ ঘটনায় কর্তাব্যক্তিদের কানে দেরিতে হলেও পানি গেছে। তারা আগামী সপ্তাহ থেকেই ইউএনওদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়ার আভাস দিয়েছেন। দুর্বৃত্তদের হাতুড়ি ঘাতে গুরুতর আহত ইউএনও ওয়াহিদা খানম মৃত্যুর সঙ্গে লড়ছেন। তিনি কখনো সুস্থ হয়ে উঠবেন সে সম্ভাবনাও কম। আমরা মনে করি, কেবল হত্যাচেষ্টার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নয়, দুর্বৃত্তায়নের রাজনীতির অবসানও কাম্য।


