রোহিঙ্গা কূটনীতিতে তৎপর বাংলাদেশ আইপিইউ সম্মেলন

রোহিঙ্গা কূটনীতিতে তৎপর বাংলাদেশ আইপিইউ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক ● মিয়ানমার থেকে নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবিক বিবেচনায় আশ্রয় দিলেও দীর্ঘমেয়াদে এ সমস্যা বয়ে বেড়াতে চায় না বাংলাদেশ। ফলে রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের ওপর চাপ তৈরিতে নানা পদক্ষেপ অব্যাহত রেখেছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৭তম সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন আদায়ে তৎপরতা শুরু করেছেন বাংলাদেশের প্রতিনিধিরা। গত ২৫ আগস্ট থেকে বাংলাদেশে ৫ লক্ষাধিক শরণার্থী আশ্রয় নেয়। পরে গত ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে ৫ দফা দাবি তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় আন্তর্জাতিক প্লাটফর্ম হিসেবে এসেছে আইপিইউ সম্মেলন। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে শনিবার শুরু হওয়া এই সম্মেলনে অংশ নিয়ে এরই মধ্যে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিরা ৪২ সদস্যের এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলিকে প্রভাবিত করেছেন রোহিঙ্গা ইস্যুতে। এ বিষয়ে প্রতিনিধি দলের সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা জানিয়েছেন, এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলি আইপিইউ সম্মেলনে রোহিঙ্গা ইস্যু উঠাতে সম্মত হয়েছে। অ্যাসেম্বলির ৪২টি সদস্য দেশের মধ্যে অধিকাংশ দেশই এ বিষয়ে সম্মতি দিয়েছে। এক্ষেত্রে ইন্দোনেশিয়া বড় ভূমিকা রেখেছে বলেও জানান এই সংসদ সদস্য।

এদিকে এই সম্মেলনে বাংলাদেশের তৎপরতার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশের পক্ষ থেকে এই সম্মেলনে বিশ্বের গণতান্ত্রিক সকল দেশকে রোহিঙ্গা ইস্যুতে সরব হওয়ার আহ্বান জানানো হবে। বাংলাদেশ রোহিঙ্গাদের বিষয়টি জোরালোভাবে তুলে ধরবে। এ ছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিনের কাছে প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছানো হবে। তিনি বলেন, মিয়ানমারকে মানবাধিকার রক্ষা ও রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার পদক্ষেপ গ্রহণ করার জন্য আন্তর্জাতিকভাবে বিশ্ব জনমত তৈরি করতে আইপিইউভুক্ত দেশগুলোকে আহ্বান জানাবে বাংলাদেশ।

রোহিঙ্গা ইস্যুতে এই সম্মেলনকে সরকার বিশেষভাবে নিয়েছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আইপিইউ সম্মেলনকে রোহিঙ্গা কূটনীতির অন্যতম বড় জায়গা হিসেবে ভাবছে। প্রধানমন্ত্রী তার নির্দেশনা দিয়ে দিয়েছেন দলনেতা ডেপুটি স্পিকারকে। আর আইপিইউ সভাপতি যেহেতু বাংলাদেশের, তার প্রতি আলাদা নির্দেশনা রয়েছে প্রধানমন্ত্রীর।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বে ১৪ সদস্যের সংসদীয় প্রতিনিধি দলটি বর্তমানে রাশিয়ার সেন্ট পিটাসবার্গে অবস্থান করছে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ আতিউর রহমান আতিক, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, আবুল কালাম আজাদ, এবিএম ফজলে করিম চৌধুরী, মাঈন উদ্দীন খান বাদল, নূর-ই-আলম চৌধুরী, কাজী ফিরোজ রশীদ, ডা. মো. হাবিব-এ মিল্লাত, পঙ্কজ নাথ, বেগম ওয়াসিকা আয়শা খান, বেগম সাবিনা আক্তার তুহিন, মামুনুর রশিদ এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আব্দুর রব হাওলাদার। এছাড়াও অতিরিক্ত সচিব নূরুজ্জামান, ডেপুটি স্পিকারের একান্ত সচিব কল্লোল কুমার চক্রবর্তী, উপসচিব আলী আশরাফ, উপ-পরিচালক নাইমুল আজম খান এবং সাচিবিক সহায়তা প্রদানে সহায়ক কর্মকর্তা হিসেবে বিরোধী দলীয় নেতার এপিএস এ কে এম আব্দুর রহিম ভূইয়া প্রতিনিধি দলে রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *