পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানী ঢাকার টিএসসি এলাকা থেকে আচমকা নিরুদ্দেশ হয়ে গিয়েছিল ফুল বিক্রেতা পথশিশু জিনিয়া (৯)। এই অপহরণ মামলায় সূত্র খুঁজতে গিয়ে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তারকৃতের নাম নূর নাজমা আক্তার লোপা তালুকদার (৪২)।
সোমবার (০৭ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আমতলা এলাকায় অভিযান পরিচালনা করে জিনিয়াকে উদ্ধারসহ অপহরণকারী লোপা তালুকদারকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা রমনা জোনাল টিম।
মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহবুব আলম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
মো. মাহবুব আলম বলেন, ‘ভুক্তভোগী জিনিয়া ঢাবির টিএসসি চত্বরে ফুল বিক্রি করত। সে ছোট বেলা থেকেই মা সেনুয়া বেগমের সঙ্গে টিএসসিতে থাকত। জিনিয়ার মা গত ২ সেপ্টেম্বর জিনিয়ার নিখোঁজ সংক্রান্তে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর সূত্র ধরে গোয়েন্দা রমনা বিভাগ ছায়া তদন্ত শুরু করে।’
ডিএমপির গোয়েন্দা বিভাগের এই কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্ত ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যমতে জানা যায়, দুইজন নারী জিনিয়াকে ফুচকা খাওয়ায় এবং টিএসসি এলাকায় তাকে নিয়ে ঘোরাফেরা করে। পরে জিনিয়াকে ফুঁসলিয়ে অপহরণ করে নিয়ে যায় তারা।
পুলিশের এই যুগ্ম কমিশনার বলেন, ‘গত ৭ সেপ্টেম্বর শাহবাগ থানায় এই বিষয়ে একটি অপহরণ মামলা দায়ের হয়। মামলাটি গোয়েন্দা রমনা বিভাগের রমনা জোনাল টিম তদন্ত শুরু করে। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় রমনা জোনাল টিম নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আমতলা এলাকায় অভিযান পরিচালনা করে ভুক্তভোগী জিনিয়াকে উদ্ধার করে। জিনিয়াকে অপহরণের অভিযোগে সেখান থেকেই লোপা তালুকদারকে গ্রেপ্তার করা হয়।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ততথ্যের বরাত পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘গ্রেপ্তারকৃত লোপা তালুকদার অসৎ উদ্দেশ্যে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জিনিয়াকে অপহরণ করেছিল।’
জানা গেছে, কয়েক বছর আগে জিনিয়ার বড় বোনও নিখোঁজ হয়েছিলে। দেড় বছর পর খোঁজ মিলেছিল তার। বাবা হারানো তিন মেয়েকে নিয়ে ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করেন জিনিয়ার মা।
/এএ


