ওয়ার্ল্ড ডেস্ক ● সৌদি আরব কাতারে সরকার পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে দোহা। কাতারি পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবুদল রহিম আল-থানি এ অভিযোগ করেন।
তিনি বলেন, গত চার মাস ধরে কাতারের ওপর অবরোধ জারি রাখার মাধ্যমে সৌদি আরব এ ধরনের ষড়যন্ত্র করছে। মঙ্গলবার সিএনবিসি টেলিভিশনের সাথে এক সাক্ষাৎকারে এই অভিযোগ করেন তিনি।
জঙ্গিবাদ ও সন্ত্রাসে মদদ এবং ইরানকে সাহায্য করার অভিযোগে গত ৫ জুন কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে অবরোধ আরোপ করে চার দেশীয় সৌদি জোট। সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসরের আনীত সেসব অভিযোগ কড়াভাবে প্রত্যাখ্যান করে আসছে কাতার।
আল-থানি মনে করেন, কাতারের বিরুদ্ধে অবরোধ জারি করা সন্ত্রাসের গলা টিপে ধরার জন্য নয়, বরং কাতারকে অসম্মান করা। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমটিকে তিনি বলেন, যতক্ষণ তারা আমার দেশের বিরুদ্ধে উস্কানি ও আমার দেশের শাসন ক্ষমতা পরিবর্তনে মদদ দিবে, ততক্ষণ সন্ত্রাসে অর্থায়ন বা ঘৃণ্য বক্তব্য বন্ধে কিছুই করার নেই।
আল-থানি বলেন, আমরা দেখছি, (সৌদি) সরকারি কর্মকর্তারা কাতারের শাসন ক্ষমতা পরিবর্তনের কথা বলছে… আমরা দেখছি, একটি দেশ যাযাবরদের অন্ধকার সময় ফিরিয়ে আনছে এবং কাতারে থাকা যাযাবরদের ওপর চাপ সৃষ্টি করতে তাদের কাজে লাগাচ্ছে।
কাতারি পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ মনে করেন, এই অবরোধ আরোপের ফলে ইরাকে ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্য লিভান্ট (আইএসআইএল) তথা আইএসের বিরুদ্ধে লড়াই বাঁধাপ্রাপ্ত হয়েছে।


