সরকারি দলের সিন্ডিকেটই পেঁয়াজের মূল্য বৃদ্ধির পৃষ্ঠপোষক : রিজভী

সরকারি দলের সিন্ডিকেটই পেঁয়াজের মূল্য বৃদ্ধির পৃষ্ঠপোষক : রিজভী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিএনপি নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সরকারি দলের সিন্ডিকেটই পেঁয়াজের মূল্য বৃদ্ধির পৃষ্ঠপোষক।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এই অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘দেশে বাজারে প্রচুর পেঁয়াজ মজুদ থাকলেও বিক্রি কমিয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ীরা। ফলে বাজারের পেঁয়াজের তীব্র সংকট দেখা দিয়েছে। এই সংকট কৃত্রিম। আমরা বিভিন্ন সূত্র থেকে জানছি, গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে এই মজুদের কথা।’

তিনি বলেন, ‘আমরা মনে করি, এটাতে সরকারেরও কারসাজি থাকে। সরকার সমর্থিত দলের সিন্ডিকেটই পেঁয়াজের মূল্য বৃদ্ধির পৃষ্ঠপোষক। আমদানিকারক ও ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতেই পেঁয়াজের এই মূল্য বৃদ্ধি। বিএনপি পেঁয়াজে এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করছে।’

অবিলম্বে পেঁয়াজের মূল্য স্বাভাবিক করতে বাজার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিও জানান রিজভী। তিনি বলেন, ‘ভারতের ইলিশ মাছ উপহার হিসেবে প্রেরণ করার সাথে সাথেই বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। বাংলাদেশে এই সংবাদ পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বাজার সিন্ডিকেটের হোতারা তেলেসমাতি শুরু করে দেয়। পেঁয়াজ আছে। কিন্তু সরকারি দলের সমর্থিত সিন্ডিকেট তাদেরকে সুবিধা দেয়ার জন্য,তাদের অর্থ-বিত্ত বাড়ানোর জন্য আজকে কৃত্রিমভাবে এই সংকট সৃষ্টি করা হয়েছে। তাতে কষ্ট পাচ্ছে কে? স্বল্প আয়ের মানুষ, নিম্ন আয়ের মানুষ, মজুর, কৃষক, ভূমিহীন কৃষক-এরা সবচাইতে বেশি কষ্ট পাচ্ছে।’

সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, ফিরোজ-উজ জামান, আমিনুল ইসলাম, অঙ্গসংগঠনের শাহজাহান মিয়া সম্রাট, আহসান উদ্দিন খান শিপন, শেখ আব্দুল হালিম খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *