পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়া হচ্ছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার কথা রয়েছে। এর আগে শুক্রবার দুপুরে তার শারীরিক অবস্থা অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী পরিচালক ডা. আফতাবুল ইসলাম। তিনি বলেন, ‘পরিবারের সদস্যরা উনার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া সিদ্ধান্ত নিয়েছেন। বিকাল ৪টার দিকে হাসপাতালের মাঠ থেকে হেলিকপ্টারযোগে উনাকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা।’
এর আগে, টানা দুইদিন বিক্ষোভের পর বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে হাটহাজারী মাদ্রাসার শুরা কমিটির সভায় আহমদ শফী মহাপরিচালকের পদ থেকে সরে দাঁড়ান। তার ছেলে আনাস মাদানিকে স্থায়ীভাবে অব্যাহতিও দেওয়া হয়।
মহাপরিচালকের পদ থেকে পদত্যাদের মধ্য দিয়ে হাটহাজারী বড় মাদ্রাসায় দৃশ্যত আল্লামা আহমদ শফীর সুদীর্ঘ দিনের কর্তৃত্বের অবসান ঘটল।
পরে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মধ্যরাতে তাকে অ্যাম্বুল্যান্সে হাটহাজারী মাদরাসা থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয় তাকে।
ডা. আফতাবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গতকাল গভীর রাতে আহমদ শফীকে হাসপাতালে আনা হয়। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতা ছাড়াও ডায়াবেটিস ও হাইপারটেনশনসহ বিভিন্ন রোগে ভুগছেন। তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
/এএ


