পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সম্প্রতি সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একই সঙ্গে রংপুরের পীরগঞ্জে ইউএনও হিসেবে কর্মরত তার স্বামী মো. মেসবাউল হোসেনকেও ঢাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে জারি করে।
এর আগে ওয়াহিদা খানম দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার স্বামী মো. মেজবাউল হোসেন রংপুরের পীরগঞ্জে ইউএনও হিসেবে কর্মরত ছিলেন।
গত ২ সেপ্টেম্বর গভীর রাতে দুর্বৃত্তরা ইউএনওর সরকারি বাসায় ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে (৭০) হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। তাকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রংপুরে একটি ক্লিনিকে আইসিইউতে নেয়া হয়। সেখানে থেকে ৩ সেপ্টেম্বর দুপুরে হেলিকপ্টারে অচেতন অবস্থায় ওয়াহিদা খানমকে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে ওয়াহিদা খানমের চিকিৎসা চলছে।
এই ঘটনায় একাধিক ব্যক্তিকে আটক করা হলেও সর্বশেষ পুলিশের তদন্ত বলছে, ইউএনও ওয়াহিদা খানমের অফিসের চতুর্থ শ্রেণির এক কর্মচারী এই হামলা চালিয়েছেন। ওই কর্মচারীর নাম মো. রবিউল ইসলাম। তাকেও পুলিশ গ্রেপ্তার করেছে।
৩১ তম বিসিএসে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ওয়াহিদা খানম। তার স্বামী মেজবাউল হোসেনও একই ব্যাচে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।
/এএ


