সোমবার দেশের ২০ অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রোববার সন্ধ্যার পর থেকেই শুরু হয় বৃষ্টি। এ বৃষ্টি চলে প্রায় মধ্যরাত পর্যন্ত। তবে রাস্তাঘাট তলিয়ে যায়নি। কারণ বৃষ্টি ছিল হালকা। রাজধানীর ঘরে ফেরা মানুষদের জন্য বড়ই কষ্ট হয়েছে রোববার। সোমবারও বৃষ্টি থাকবে। দেশের ২০টি অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে বলে জানা গেছে। সেসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলেও জানানো হয়েছে।


