নিজস্ব প্রতিবেদক ● বিপরীত মেরুর রাজনীতি করলেও বিএনপির শীর্ষ নেতা এম কে আনোয়ারের মৃত্যুর পর তার জানাজায় ছুটে গেলেন আওয়ামী লীগের প্রবীণ নেতা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজা শেষে এমকে আনোয়ারকে নিয়ে স্মৃতিচারণও করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা যখন ছাত্র আন্দোলন করি তখন তিনি (এম কে আনোয়ার) জেলা প্রশাসক ছিলেন। বঙ্গবন্ধুর সমর্থনে যে ছাত্র আন্দোলন সেই আন্দোলনে তিনি সহনীয় ভূমিকা পালন করেন। মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এম কে আনোয়ারের তৃতীয় জানাজা শেষে তোফায়েল আহমেদ এভাবে স্মৃতিচারণ করেন। ১৯৩৩ সালে কুমিল্লায় জন্ম নেয়া এম কে আনোয়ার পাকিস্তান ও বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে তিন দশকের বেশি সময় দায়িত্ব পালন করেন। চাকরি থেকে অবসর নেয়ার পর তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন। এরপর কুমিল্লার হোমনা থেকে পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া মন্ত্রীর দায়িত্ব পালন করেন দুইবার। সোমবার দিবাগত রাত একটার দিকে রাজধানীতে নিজ বাসায় মৃত্যুবরণ করেন এম কে আনোয়ার।
তোফায়েল আহমদে বলেন, বিরোধী দলে অবস্থানকালেও তার সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। বিএনপির এই শীর্ষ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেন আওযামী লীগের এই নেতা। জানাজায় আরও উপস্থিত ছিলেন বর্তমান সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ নেতাকর্মীরা।
জানাজা শেষে এম কে আনোয়ারের লাশ বারডেমের হিমঘরে রাখা হয়। বুধবার লাশ কুমিল্লায় নিয়ে যাওয়া হবে, কুমিল্লার তিতাসে বাদ জোহর চতুর্থ জানাজা এবং হোমনায় বাদ আসর পঞ্চম জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।


