সমুদ্রবন্দরে সতর্কতা জারি

সমুদ্রবন্দরে সতর্কতা জারি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এমন আশংকায় উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহে জারি করা সতর্কতা শুক্রবারও (২৫ সেপ্টেম্বর) বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের সামুদ্রিক সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে এবং গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সতর্কবার্তায়।

এদিকে শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গেে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, উল্লেখিত সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এছাড়া শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *