পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী সমানভাবে সমাদৃত আন্তঃকক্ষ খেলা লুডু। অবসর সময়ে ঘরে বাইরে প্রায়শই আমরা লুডু খেলে থাকি। গুটি কাটা, দান আগে পিছে নেয়া ও হারজিত নিয়ে এ খেলাতে হরহামেশা ঝগড়া-বিবাদ হয়ে থাকে কিন্তু তাই বলে মামলা!
সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে ভারতের ভোপালে। লুডু খেলায় প্রতারণার অভিযোগ এনে বাবার বিরুদ্ধে পারিবারিক আদালতে মামলা করেছেন তারই ২৪ বছরের মেয়ে। খবর ইন্ডিয়া টুডের
প্রকাশিত ওই প্রতিবেদনে জানা গেছে, ভোপালের ওই তরুণী লুডু খেলায় হারার পর তার বাবার ওপর শ্রদ্ধা হারিয়ে ফেলেছেন। তিনি ভাবতেই পারেননি তার বাবা খেলায় জিততে এভাবে প্রতারণার আশ্রয় নেবেন। শুধু তাই নয়, এ ঘটনার পর বাবাকে ডাকতেও তার আর ইচ্ছে হচ্ছে না। কারণ একটাই, বাবাকে অতিরিক্ত বিশ্বাস করতেন তিনি।
জানা গেছে, লুডু খেলার ঘটনায় ওই তরুণী এতটাই মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন যে তাকে চারটি কাউন্সিলিং সিটিং করতে হয়েছে।
ভোপাল পারিবারিক আদালতের কাউন্সিলার সারিতা জানান, কয়েকদিন আগে ওই তরুণী তার কাছে এসেছিলেন। ওই নারী তাকে জানিয়েছেন, তার বাবা ও ভাইবোনরা মিলে লুডু খেলছিলেন। ওই সময় বাবা তাকে ঠকিয়ে গুটি খেয়ে ফেলেন। যা তিনি মানতে পারছেন না।
তিনি আরও জানান, সেই তরুণী খেলায় নিজের বাবাকে ভরসা করেছিলেন। কিন্তু তিনিই যে ঠকাবেন তা ভাবতেও পারেননি। সেজন্য এর বিহিত চেয়ে মামলা করেছেন।
সারিতা জানান, যেহেতু মামলা হয়েছে এজন্য মেয়েটির সঙ্গে তারা চারটা কাউন্সিলিং সিটিং করেছেন। এখন অবশ্য ওই তরুণী কিছুটা ইতিবাচক হয়েছেন।
/এএ


