পাথেয় টোয়েন্টিফের ডটকম : গত ১৫ বছরের মধ্যে ১০ বছর আয়কন দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই বছর মাত্র ৭৫০ ডলার করে আয়কর দিয়েছেন বিপুল সম্পদের মালিক ডোনাল্ড ট্রাম্প।
প্রেসিডেন্ট নির্বাচিত হবার বছর ২০১৬ এবং তার পরের বছরে ট্রাম্প এই আয়কর দেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস।
পত্রিকাটির দাবি, ডোনাল্ড ট্রাম্প ও তার প্রতিষ্ঠানগুলোর দুই দশকের আয়করের নথি পেয়েছে তারা।
এতে দেখা গেছে, গত ১৫ বছরের মধ্যে ১০ বছর কোন আয়করই দেননি মার্কিন প্রেসিডেন্ট। আর যে বছর নির্বাচনে জিতেছেন সে বছরই তিনি মাত্র সাড়ে ৭০০ ডলার আয়কর দেন। তার বিভিন্ন প্রতিষ্ঠানে লোকসানের কারণেই ট্রাম্প এত কম আয়কর দেন বলে নথিতে উল্লেখ রয়েছে।
তবে এই প্রতিবেদনকে ভুয়া বলে উল্লেখ করেছেন ট্রাম্প। রোববার এই খবর প্রকাশের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি আসলে আয়কর দিয়েছি। আমার ট্যাক্স রিটার্ন শেষ হলেই আপনারা তা দেখতে পাবেন। আমার আয়করের হিসাব-নিকাশ চলছে।’
এমন সময় এই তথ্য প্রকাশিত হল যার মাত্র কয়েকদিন পরই প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমবার ৩রা নভেম্বরের নির্বাচনে তার প্রতিপক্ষ জো বাইডেনের সাথে বিতর্কে মুখোমুখি হবেন।
অর্থবিত্ত ও ব্যবসা সংক্রান্ত নথি দেখাতে অস্বীকার করায় ট্রাম্প আগেও আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। ১৯৭০ এর দশকের পর থেকে তিনি যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট যিনি আয়কর রিটার্ন জনসম্মুখে প্রকাশ করেননি, তবে এক্ষেত্রে আইনি কোনো বাধ্যবাধকতাও নেই।
/এএ


